কলকাতার প্রধান সড়ক আংশিক নয়, সম্পূর্ণ বন্ধ করে ২১ জুলাইয়ের শহিদ দিবসের সভা আয়োজনের অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা উঠেছে। এই মামলায় শুক্রবার মমতা (Mamata Banerjee) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-কে নোটিশ জারি করল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)।
শুক্রবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের (Arijit Banerjee) ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। সেখানেই তৃণমূলের কাছে জবাব তলব করা হয়েছে। আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, ২০১৮ সালে শহরের রাস্তা অবরোধ করে রাজনৈতিক সভা-মিছিলের উপর গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য (Jyotirmay Bhattacharya) এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের (Arijit Banerjee) বেঞ্চ জানায়, কোনও রাজনৈতিক সভার জন্য কলকাতার বড় বা প্রধান রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ রাখা যাবে না। রাস্তার অন্তত একটি অংশ সবসময় যান চলাচল ও পথচারীদের জন্য খোলা রাখতে হবে। পাশাপাশি অ্যাম্বুল্যান্সসহ জরুরি পরিষেবার নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছিল।
আদালত আরও বলেছিল, প্রয়োজনে বিকল্প রাস্তার ব্যবস্থা করতে হবে এবং সাধারণ মানুষকে আগে থেকেই যানবাহন সংক্রান্ত পরিবর্তনের বিষয়ে জানাতে হবে। সভা বা মিছিল ঘিরে অশান্তি, ভাঙচুর বা হিংসা ছড়ালে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল।
অভিযোগ, ২০২৫ সালের ২১ জুলাই ধর্মতলায় আয়োজিত তৃণমূলের শহিদ দিবসের সভায় সেই নির্দেশ মানা হয়নি। আদালতের পূর্ব নির্দেশ অমান্য করে গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে সভা করা হয়েছিল বলে অভিযোগ। এর ফলে সাধারণ মানুষ, নিত্যযাত্রী এবং জরুরি পরিষেবার উপর ব্যাপক প্রভাব পড়ে।
এই অভিযোগের ভিত্তিতেই দায়ের হওয়া আদালত অবমাননার মামলায় এখন নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে মমতা ও অভিষেককে। মামলার পরবর্তী শুনানিতে আদালত কী অবস্থান নেয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।





