পশ্চিমবঙ্গকে আধুনিক ও সমতার ভিত্তিতে গড়ে তোলার লক্ষ্যে রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড (UCC) বা অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার পথে এক বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেছেন যে, আগামী ২ জুলাই বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত বিলের খসড়া পেশ করা হবে। গুজরাট, অসম ও উত্তরাখণ্ডের সফল মডেল অনুসরণ করেই এই বিলের খসড়াটি তৈরি করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
মুখ্যমন্ত্রী বলেন, ‘এই আইন প্রণয়নের মূল উদ্দেশ্য হল বিবাহ, বিচ্ছেদ, উত্তরাধিকার এবং দত্তক নেওয়ার ক্ষেত্রে রাজ্যে একটি অভিন্ন ও স্বচ্ছ আইনি কাঠামো তৈরি করা। এর ফলে নারী অধিকার সুনিশ্চিত হবে এবং সম্পত্তির অধিকারে সমতা আসবে।’ মুখ্যমন্ত্রী এটাও স্পষ্ট করেছেন যে, এই খসড়াটি তৈরির আগে রাজ্যের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
তবে আদিবাসী সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবির প্রতি সম্মান জানিয়ে তাঁদের এই আইনের আওতার বাইরে রাখা হবে বলেও জানিয়েছেন তিনি ।পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি আগামী চার সপ্তাহের মধ্যে নবান্নে বিস্তারিত রিপোর্ট জমা দেবে। কমিটির রিপোর্ট হাতে পাওয়ার পর চলতি বছরের আগস্ট মাসে বিধানসভায় বিলটি পেশ করার সম্ভাবনা রয়েছে।
মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরই রাজ্য রাজনীতিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিজেপি নেতৃত্ব এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে এটিকে সংবিধানের আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে অভিহিত করেছেন।
অন্যদিকে, রাজ্যের বিরোধী দল তৃণমূল কংগ্রেস এই ঘোষণার তীব্র সমালোচনা করে জানিয়েছে, এই আইন সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার ও রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতির পরিপন্থী। তবে আদিবাসী সংগঠনগুলো তাদের সম্প্রদায়কে এই আইনের আওতামুক্ত রাখায় কিছুটা স্বস্তি প্রকাশ করেছে। জাতীয় স্তরে ইউসিসি নিয়ে আলোচনার আবহে পশ্চিমবঙ্গের এই উদ্যোগ আগামী দিনে রাজ্য রাজনীতিতে বড় প্রভাব ফেলবে বলে মনে করছে রাজনৈতিক মহল।





