Header AD
Trending

বিধায়কদের প্রশিক্ষণ শিবিরে সব দলকে সঙ্গে নিয়ে উন্নয়নের ডাক মুখ্যমন্ত্রীর

suvendu committee

মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর থেকেই সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে কাজ করার বার্তা দিয়ে আসছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই বার্তাই আরও একবার স্পষ্ট হল শুক্রবার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত বিধায়কদের বিশেষ প্রশিক্ষণ শিবিরে। সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের বিধায়কেরা। এই মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী রাজ্যের উন্নয়নের স্বার্থে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের উপর জোর দেন।

শুক্রবার থেকে বিধায়কদের জন্য শুরু হয়েছে দু’দিনব্যাপী বিশেষ কর্মসূচি, যার উদ্দেশ্য নবনির্বাচিত জনপ্রতিনিধিদের সংসদীয় রাজনীতির কার্যপদ্ধতি সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া।নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন লোকসভার স্পিকার ওম বিড়লা (Om Birla)।

অনুষ্ঠানের শুরুতে মুখ্যমন্ত্রী আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, সংসদের সচিবালয় থেকে শুরু করে যাঁরা এই কর্মসূচিকে সফল করতে সহযোগিতা করেছেন, তাঁদের সম্মিলিত প্রচেষ্টাতেই এই আয়োজন সম্ভব হয়েছে।

ভাষণের এক পর্যায়ে তিনি অতীতের বামফ্রন্ট ও তৃণমূল সরকারের সমালোচনাও করেন। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে প্রশাসনিক সিদ্ধান্তে দলীয় প্রভাব ছিল প্রবল, যার ফলে বিরোধী প্রতিনিধিরা যথাযথ মর্যাদা পেতেন না। এপ্রসঙ্গে তাঁর বক্তব্য, “প্রথমে ৩৪ বছরে দলীয় অফিস থেকে সব হত। আর ১৫ বছরের কথা বলব না। কারণ এখানে বিরোধী দলনেতা আছেন, সকলে আছেন। নিজের বিধানসভার নিন্দা করা মুখ্যমন্ত্রীর শোভা পায় না।”

সরকারি প্রকল্প বা গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অনেক সময় রাজনৈতিক পরিচয় দেখে বিধায়কদের আমন্ত্রণ জানানো হত বলেও অভিযোগ তোলেন তিনি।

মুখ্যমন্ত্রী আরও বলেন, গত কয়েক বছরে বিরোধী শিবিরকে বারবার প্রান্তিক করা হয়েছে। গুরুত্বপূর্ণ অধিবেশনের আগে বিরোধী দলনেতাকে সাসপেন্ড করার ঘটনাও তিনি উল্লেখ করেন।

তবে রাজনৈতিক মতভেদ সরিয়ে রেখে রাজ্যের স্বার্থে একসঙ্গে কাজ করার আহ্বানই ছিল তাঁর বক্তব্যের মূল সুর।তিনি বলেন, “সবাইকে একসঙ্গে রাজ্যকে দাঁড় করাতে হবে।”

বিশেষ করে নতুন বিধায়কদের উদ্দেশে তিনি বলেন, প্রথমবার নির্বাচিত হয়ে এলে অনেক কিছু শেখার থাকে। তাই এই প্রশিক্ষণকে গুরুত্ব দিয়ে সংসদীয় কাজের খুঁটিনাটি ভালোভাবে আয়ত্ত করার পরামর্শ দেন তিনি।

সবশেষে মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দেন— দলমত নির্বিশেষে সকল বিধায়ককে একসঙ্গে কাজ করতে হবে।