সোমবার থেকেই দক্ষিণবঙ্গজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর, আর সেই পূর্বাভাস বাস্তবেও মিলেছে। সোমবার সকাল থেকেই কলকাতার আকাশ ছিল ঘন মেঘে ঢাকা। দুপুর গড়াতেই কালো মেঘে ঢেকে যায় আকাশ, শুরু হয় দফায় দফায় বর্ষণ। দিনের আলো ম্লান হয়ে যেন সন্ধ্যার আবহ তৈরি হয় শহরে। এরপর থেকে কোথাও টানা হালকা বৃষ্টি, কোথাও আবার মুষলধারে বর্ষণ অব্যাহত রয়েছে। একইভাবে মঙ্গলবার ভোর থেকে শহরে দফায় দফায় চলছে বৃষ্টি। আকাশ জুড়ে মেঘের ঘনঘটা।হাওয়া অফিসের পূর্বাভাস গোটা সপ্তাহজুড়েই জারি থাকবে এই বৃষ্টির দাপট (Weather Update)।
অন্যদিকে, উত্তরবঙ্গের পরিস্থিতি আরও উদ্বেগজনক। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতিভারী বৃষ্টির আশঙ্কায় লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
কেন বাড়ছে বৃষ্টির দাপট?
হাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে বর্ষাকালীন অক্ষরেখা হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার হয়ে পশ্চিমবঙ্গের উত্তরাংশ পেরিয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি, বাংলাদেশের উপর থাকা ঘূর্ণাবর্তটি দক্ষিণ দিকে সরে গিয়ে উত্তর বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে। বিহার থেকে মণিপুর পর্যন্ত আরও একটি অক্ষরেখা সক্রিয় রয়েছে। এই দুই আবহাওয়াগত ব্যবস্থার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে, যার ফলেই রাজ্যজুড়ে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
দিনভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস
;
মঙ্গলবার (১৫ জুলাই):
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে।
বুধবার (১৬ জুলাই):
দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার (১৭ জুলাই):
হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অধিকাংশ জেলাতেই ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
শুক্রবার (১৮ জুলাই):
পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এসব জেলার সঙ্গে দক্ষিণবঙ্গের অন্যান্য অংশেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে।
উত্তরবঙ্গে ফের বৃষ্টি বাড়বে সপ্তাহান্তে।
বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরবঙ্গে বিশেষ কোনও আবহাওয়াগত সতর্কতা না থাকলেও, শনিবার থেকে ফের বৃষ্টির দাপট বাড়তে পারে। পাহাড় সংলগ্ন পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও দার্জিলিংয়ে অতিভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।
মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা
১৫ থেকে ১৭ জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন সমুদ্রে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই কারণে শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।




