Header AD
Trending

গানের পর এবার অভিনয়! ডমরু-ত্রিশূলে শিবভক্ত রূপে মিউজিক ভিডিওতে ধরা দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ

শ্রাবণ মাসের সোমবারকে ঘিরে ভক্তিমূলক আবহে এক নতুন ভূমিকায় ধরা দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ। রাজনীতির মঞ্চের পরিচিত মুখকে এবার দেখা গেল অভিনয়ের পর্দায়। শিবকে উৎসর্গ করে নির্মিত হিন্দি মিউজিক ভিডিও ‘শঙ্করা’-য় ডমরু হাতে, ত্রিশূল কাঁধে এবং কপালে তিলক পরে শিবভক্তের চরিত্রে অভিনয় করেছেন তিনি। এর আগে ঝালমুড়ি নিয়ে গান গেয়ে আলোচনায় এসেছিলেন দিলীপ, এবার অভিনয়ের মাধ্যমে ফের চর্চায় উঠে এলেন।

সোমবার ভাঙড়ের হাজরাকালি মন্দিরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই মিউজিক ভিডিওর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে দিলীপ ঘোষ বলেন, “পার্টি বলল প্রেসিডেন্ট হও, হলাম। বলল বিধায়ক হও, হলাম। সাংসদ, মন্ত্রী হও, হলাম। কয়েকদিন আগে গান গাওয়ার চেষ্টা করলাম। গায়করা ভাবে আমি গায়ক। নেতারা ভাবে আমি নেতা। মানুষের ভালো লাগলে মানুষ গ্রহণ করবে।রাজনৈতিক নেতাদের আলাদা করে অভিনেতা হতে হয় না।” তাঁর এই মন্তব্য উপস্থিতদের মধ্যেও আগ্রহের সৃষ্টি করে।

প্রায় ৩ মিনিট ৭ সেকেন্ডের ‘শঙ্করা’ গানে দিলীপ ঘোষকে একাধিক দৃশ্যে অভিনয় করতে দেখা যায়। কোথাও তিনি ডমরু বাজাচ্ছেন, কোথাও ত্রিশূল হাতে নৃত্য করছেন, আবার কোথাও শিবের আরাধনায় মগ্ন। গানটি লিখেছেন ও কণ্ঠ দিয়েছেন গায়িকা চয়নিকা, যাঁকেও ভিডিওতে দেখা যায়।

অনুষ্ঠানে দিলীপ ঘোষের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী রিঙ্কু মজুমদার, গায়িকা চয়নিকা সহ বিশিষ্ট ব্যক্তিরা। মন্দিরে পুজো-অর্চনার পাশাপাশি ভক্তদের সঙ্গে শিবলিঙ্গে জলও নিবেদন করেন তিনি। পরে দর্শনার্থীদের সঙ্গে বসে সম্পূর্ণ মিউজিক ভিডিওটি উপভোগ করেন।

রাজনীতির পরিচিত মুখকে ভক্তিমূলক গানের অ্যালবামে অভিনেতার ভূমিকায় দেখে উপস্থিত দর্শকদের মধ্যে কৌতূহল ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো।