বৃহস্পতিবার নিউটাউনে তথ্যপ্রযুক্তি সংস্থা ‘এল অ্যান্ড টি’-র নতুন সুবৃহৎ ক্যাম্পাস ‘আনন্দ নিকেতন’-এর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রদীপ জ্বালিয়ে এই অত্যাধুনিক ক্যাম্পাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। প্রায় ৭ লক্ষ ৪৮ হাজার বর্গফুট জায়গাজুড়ে গড়ে ওঠা এই অফিসে আগামী দিনে প্রায় ৫৮০০ জনের কর্মসংস্থান হবে বলে জানান মুখ্যমন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের দক্ষ ও মেধাবী তরুণ-তরুণীদের বাংলায় ফিরে আসার আহ্বান জানান শুভেন্দু। বেঙ্গালুরু, হায়দরাবাদ কিংবা দেশের অন্য প্রান্তে কর্মরত বাংলার প্রতিভাবানদের উদ্দেশে তাঁর বার্তা, “দয়া করে ফিরে আসুন। এখানে ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হয়েছে।”
মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্যের উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, বড় শিল্পের পাশাপাশি ছোট ও মাঝারি উদ্যোগগুলিকেও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। তাঁর কথায়, এই ক্যাম্পাস বাংলার শিল্প ও তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে নতুন সম্ভাবনার বার্তা বহন করছে।
শুভেন্দু আরও বলেন, বাংলায় দক্ষ কর্মীর অভাব নেই। অতীতে যোগ্য ও মেধাবীদের যথাযথ সম্মান দেওয়া হয়নি বলেও দাবি করেন তিনি। বর্তমানে পরিস্থিতি বদলেছে উল্লেখ করে তাঁর আশ্বাস, ভবিষ্যতে রাজ্যে আরও বিনিয়োগ আসবে এবং যুব সমাজকে কাজের সন্ধানে বাংলা ছেড়ে যেতে হবে না।
পশ্চিমবঙ্গকে নতুন করে গড়ে তোলা এবং বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন পরিবেশ তৈরি করাই সরকারের লক্ষ্য, বলে জানান মুখ্যমন্ত্রী।




