Header AD

জন্মদিনে শাহরুখের রাজকীয় উপহার! ‘কিং’-এর প্রথম গানেই রোম্যান্সের জাদু, অরিজিতের সঙ্গে চমক এড শিরানের

বাদশা শাহরুখ খানের জন্মদিনে অনুরাগীদের জন্য এল বিশেষ উপহার। জন্মদিনের আগেই তাঁর আগামী ছবি ‘কিং’ নিয়ে বড়সড় চমকের জল্পনা ছড়িয়েছিল। সেই জল্পনার অবসান ঘটিয়ে ২ নভেম্বর, শাহরুখের জন্মদিনেই প্রকাশ্যে এল ছবির প্রথম গান ‘তু মিল জায়ে’।অরিজিৎ সিংয়ের মায়াবী কণ্ঠে এই গানে ধরা পড়েছে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের অসাধারণ রোম্যান্টিক রসায়ন।

‘পাঠান’ ও ‘জওয়ান’-এর পর ফের একসঙ্গে পর্দায় এই জনপ্রিয় জুটিকে দেখতে পেয়ে উচ্ছ্বসিত ভক্তরা। তবে এই গানের সবচেয়ে বড় চমক অরিজিতের সুরেলা কণ্ঠের সঙ্গে যুক্ত হয়েছে এড শিরানের বিশেষ র‍্যাপ পরিবেশনাও।সম্প্রতি জিয়াগঞ্জে অরিজিৎ সিংয়ের বাড়িতে এড শিরানের উপস্থিতি নিয়ে যে কৌতূহল তৈরি হয়েছিল, নতুন এই গানের সূত্রে তার পিছনের যোগসূত্রও অনেকটা স্পষ্ট হচ্ছে। সব মিলিয়ে ‘তু মিল জায়ে’ হয়ে উঠেছে এক অনন্য সঙ্গীতের মেলবন্ধন।

শুধু প্রেমের আবেশ নয়, গানের দৃশ্যায়নে রয়েছে দুরন্ত অ্যাকশন, জমজমাট নাচ এবং শাহরুখের এক অন্য রূপ। রোম্যান্টিক নায়কের পরিচিত ছাপের পাশাপাশি দেখা মিলেছে তাঁর ভয়ংকর অ্যাকশন অবতারেরও। ৬১ বছর বয়সেও পর্দায় তাঁর উপস্থিতি যে তরুণদের টেক্কা দিতে পারে, সেই ঝলক মিলেছে প্রথম গানেই।

গানের সঙ্গে প্রকাশিত শাহরুখের বার্তাও ইতিমধ্যে নজর কেড়েছে অনুরাগীদের। ভালোবাসা, বারুদের গন্ধের মাঝেও গোলাপ ফোটার উপমা এবং যুদ্ধের ইঙ্গিত—সব মিলিয়ে ছবির গল্প নিয়ে কৌতূহল আরও বেড়েছে। পাশাপাশি গানের মাঝে কিং খানের শক্তিশালী সংলাপও দর্শকদের বিশেষভাবে আকর্ষণ করেছে।সব মিলিয়ে জন্মদিনে শাহরুখের এই উপহার ঘিরে উন্মাদনা তুঙ্গে। ‘কিং’ যে রোম্যান্স, অ্যাকশন ও সঙ্গীতের এক রাজকীয় মিশেল হতে চলেছে, প্রথম গানেই তার ইঙ্গিত স্পষ্ট।