দীপাবলি মানেই আলোর উৎসব। ঘরের দরজা থেকে শুরু করে অন্দরমহল—সব কিছুই সাজিয়ে তোলার প্রস্তুতি চলে জোরকদমে। সাধারণত এই উৎসবে ঘর সাজাতে গাঁদার মালা, প্রদীপ কিংবা রকমারি ফুলের ব্যবহারই বেশি দেখা যায়। আবার অনেকেই কাচ বা পিতলের পাত্রে জল ভরে তার মধ্যে ছড়িয়ে দেন ফুলের পাপড়ি।

রঙ্গোলির সৌন্দর্য বাড়াতেও ব্যবহার করা হয় ছোট ছোট ফুল ও প্রদীপ। তবে চেনা সাজের বাইরে বেরিয়ে এ বার দীপাবলিতে অন্দরসজ্জায় আনতে পারেন একটু অভিনবত্ব। গোলাপ, পদ্ম, জারবেরা কিংবা অর্কিডের মতো ফুল দিয়েই সাজিয়ে তুলতে পারেন বাড়ির প্রতিটি কোণ।
পদ্মফুলে ফুটুক আভিজাত্য

শ্বেতপদ্ম, রক্তপদ্ম কিংবা সহস্রদল—বিভিন্ন ধরনের পদ্মফুল দিয়ে ঘরের সাজে আনা যেতে পারে রাজকীয় ছোঁয়া। বসার ঘরের টেবিলে অথবা ঘরের কোনও এক কোণে রাখা একটি বড় পিতলের শৌখিন পাত্রে জল ভরে তার মধ্যে দু-তিনটি পদ্মফুল ভাসিয়ে দিন। মাঝখানে একটি ভাসমান প্রদীপ রাখলেই তৈরি হবে অপূর্ব এক সাজ। অল্প আয়োজনেই ঘরের পরিবেশ হয়ে উঠবে আরও স্নিগ্ধ ও আকর্ষণীয়।
জারবেরার রঙে রঙিন হোক ঘর

লাল, হলুদ, সাদা-সহ নানা রঙের জারবেরা ফুল সহজেই পাওয়া যায়। কাচ, পিতল কিংবা মার্বেলের ফুলদানিতে বিভিন্ন রঙের জারবেরা একসঙ্গে সাজিয়ে রাখুন। বসার ঘর থেকে শোয়ার ঘর—বাড়ির যে কোনও জায়গাতেই এই ফুলের বাহারি সাজ মানিয়ে যাবে। উৎসবের আবহে ঘরে যোগ হবে রঙের উজ্জ্বল ছোঁয়া।
গোলাপ আর আলোর মেলবন্ধনে অভিনব সাজ

দীপাবলির অন্দরসজ্জায় গোলাপ দিয়ে তৈরি করতে পারেন একেবারে অন্য রকমের ফুলদানি। এর জন্য প্রয়োজন একটি স্বচ্ছ কাচের ফুলদানি, পাঁচটি গোলাপ, জলে ব্যবহারযোগ্য আলো এবং স্বচ্ছ জেল বাব্ল। প্রথমে ফুলদানির নীচে বৃন্ত-সহ গোলাপগুলি সাজিয়ে দিন। তার পর যোগ করুন জলে ডোবানো যায় এমন আলোর চেন। গোলাপের পাপড়ি ছড়িয়ে দিয়ে কিছু স্বচ্ছ জেল বাব্ল দিন। এই বাব্লগুলি আগে থেকে প্রায় দু’ঘণ্টা জলে ভিজিয়ে রাখলে নরম, স্বচ্ছ বলের মতো আকার ধারণ করে। এবার বাব্লের সাহায্যে একটি গোলাপকে উল্লম্বভাবে সাজিয়ে আরও কিছু বাব্ল যোগ করুন। সবশেষে জল ঢেলে আলো জ্বালিয়ে দিন। কাচের ফুলদানির ভিতরে ফুল ও আলোর এই মেলবন্ধন মুহূর্তেই হয়ে উঠবে ঘরের অন্যতম আকর্ষণ।
অর্কিডের সাজে থাকুক আধুনিকতার ছোঁয়া

যাঁরা একটু আধুনিক ও নান্দনিক সাজ পছন্দ করেন, তাঁদের জন্য অর্কিড হতে পারে দারুণ পছন্দ। একটি স্পঞ্জে বিভিন্ন রঙের কয়েকটি অর্কিড গেঁথে নিন। এরপর ছোট গোল ফুলদানির ভিতরে সবুজ পাতা সুন্দরভাবে সাজিয়ে তার মধ্যে স্পঞ্জটি বসিয়ে দিন। অর্কিডের রঙিন ফুল আর সবুজ পাতার সমন্বয়ে তৈরি হবে এক মনোরম অন্দরসজ্জা।
দীপাবলিতে ঘর সাজানোর জন্য সব সময় যে প্রচুর আয়োজন বা খরচের প্রয়োজন, তা নয়। একটু পরিকল্পনা, পছন্দের কিছু ফুল আর আলোর সঠিক ব্যবহারেই বদলে যেতে পারে বাড়ির অন্দরমহলের চেহারা। এ বার উৎসবে গাঁদার মালার চেনা সাজের পাশাপাশি ফুলের অভিনব ব্যবহারে আপনার বাড়িও হয়ে উঠুক আলোর উৎসবের এক অনন্য ঠিকানা।




