২৪ ঘণ্টার মধ্যে দুই বাঘিনীর মৃত্যু আলিপুর চিড়িয়াখানায় (Alipore Zoo)। ওই দুই বাঘিনীর মৃত্যু কীভাবে হল তা এখনও স্পষ্ট নয় । দুই বাঘিনীর মৃত্যুকে ঘিরে একাধিক প্রশ্ন উঠছে চিরিয়াখানার কর্তৃপক্ষের বিরুদ্ধে । ইতিমধ্যেই সেন্ট্রাল জু কমিটি শুরু করেছে ঘটনার তদন্ত। মঙ্গলবার মৃত্যু হয় বাঘিনী পায়েলের ও বুধবার অর্থাৎ ২৪ ঘণ্টার মধ্যে মৃত্যু হয় আরও এক বাঘিনী রুপার ।
মৃত্যুর কারণ খতিয়ে দেখতে ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে । ১৭ বছরের বাঘিনী পায়েলকে নিয়ে আসা হয় ২০১৬ সালে ওড়িশার নন্দনকানন থেকে আলিপুরে (Alipore Zoo) । সুত্রের খবর দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিল পায়েল এবং ইউএসজিও করা হয়েছিল তার । অসুস্থতার ফলে হাঁটাচলার ক্ষমতা ও হারিয়ে ফেলেছিল সে । খাওয়াদাওয়াও প্রায় ছেড়ে দেয় পায়েল ।
পায়েলের মৃত্যুর পর ২১ বছর বয়সী রুপার মৃত্যু হয় বুধবার সকালে । আলিপুরে জন্মগ্রহণ করে সাদা বাঘিনী রুপা। তার বাবা ছিল সাদা বাঘ ‘ অনির্বাণ’ ও মা ‘ কৃষ্ণা ‘ ছিল ডেরাকাটা বাঘিনী । চিড়িয়াখানা কর্তৃপক্ষ মারফৎ জানা যায় বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিল রুপা । তার একটি পা পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায় ও শেষপর্যন্ত মৃত্যুর কাছে হার মানতে হয় তাকে । দুই বাঘিনীর মৃত্যুকে ঘিরে সৃষ্টি হয়েছে রহস্যের । ভিসেরা পরীক্ষার মাধ্যমে খতিয়ে দেখা হবে কী কারণে মৃত্যু ঘটল ওই দুই বাঘিনীর ।





