Header AD

পুলিশের সঙ্গে টেট উত্তীর্ণদেরধস্তাধস্তি, বিধানসভা গেটের সামনে ধুন্ধুমার

দ্রুত নিয়োগের দাবিতে শহরের রাজপথে বিক্ষোভ ২০২২-এর টেট উত্তীর্ণদের। জানা গিয়েছে, প্রাথমিকে ৫০ হাজার শূন্যপদে রয়েছে। সেই শূন্যপদে নিয়োগের দাবিতে এই বিক্ষোভ, যাকে কেন্দ্র করে  বৃহস্পতিবার বিধানসভা গেটের সামনে পুলিশের সঙ্গে চাকরিপ্রার্থীদের  ধস্তাধস্তি বেঁধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশবাহিনী। চাকরিপ্রার্থীদের দাবি, আজই নিয়োগের বিজ্ঞপ্তি দিতে হবে। অন্যথায় রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দেন তাঁরা ।  পুলিশের তরফে  বোঝানোর চেষ্টা করা হয় বিক্ষোভকারীদের। কিন্তু তাঁরা মাঝ রাস্তায় শুয়ে, বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

প্রসঙ্গত, গত কয়েকমাসে একাধিকবার চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উত্তাল হয়েছে শহর কলকাতা। কখনও শিক্ষাদপ্তরের সামনে, আবার কখনও কালীঘাট ঘেরাওয়ের ডাক দেন আন্দোলনকারীরা। বৃহস্পতিবার  পরিকল্পিতভাবে ২০২২ টেট উত্তীর্ণরা প্রথমে ধর্মতলায় জড় হন। এরপর কার্যত পুলিশকে কিছুটা বিভ্রান্তির মধ্যে ফেলেই বিধানসভার দিকে ছুটতে শুরু করেন তাঁরা। হকচকিয়ে যান কর্তব্যরত পুলিশ আধিকারিকরা। যদিও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। বিক্ষোভ কর্মসূচী হঠাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন চাকরিপ্রার্থীরা। এরফলে বিধানসভা গেটের সামনে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়।  বিক্ষোভের জেরে ধর্মতলা-সহ সংলগ্ন রাস্তাগুলিতে তীব্র যানজট তৈরি হয়।