Header AD
Trending

ফের মেট্রোয়  বিভ্রাট ! বৃহস্পতিবার দুপুরে হঠাৎ বন্ধ পরিষেবা, ট্রেন চলল টালিগঞ্জ (Tollygunge) পর্যন্ত

Howrah Metro Station

মেট্রোয় বিভ্রাট যেন নিত্যনৈমিত্যিক ঘতনা হয়ে দাঁড়িয়েছে। বুধের পর বৃহস্পতিবার আবার দুপুরেও থমকে গেল মেট্রো পরিষেবা। বৃহস্পতিবার বেলা ১২টা ২০ মিনিটে হঠাৎ ঘোষণা করা হয়, প্রযুক্তিগত ত্রুটির কারণে আপাতত মহানায়ক উত্তম কুমার থেকে শহিদ ক্ষুদিরাম (Shahid Khudiram) স্টেশনের মধ্যে মেট্রো চলাচল বন্ধ থাকবে। বিপাকে পড়েন যাত্রীরা। অগত্যা দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তমকুমার (Uttamkumar) অর্থাৎ টালিগঞ্জ (Tollygunge) স্টেশন পর্যন্ত ভাঙাপথে মেট্রো চলাচল শুরু হয়। প্রায় আধ ঘণ্টা পর বেলা ১২টা ৫০ মিনিট নাগাদ স্বাভাবিক হয় পরিষেবা বলে মেট্রো সূত্রে খবর।

গত মাসখানেক ধরে কলকাতা মেট্রোয় একের পর এক বিভ্রাট দেখতে দেখতে যেন একপ্রকার অভ্যস্তই হয়ে গিয়েছেন নিত্যযাত্রীরা! ব্লু লাইনের প্রান্তিক স্টেশন কবি সুভাষে (Kavi Subhash) মেট্রোর পিলারে ফাটল দেখা দেওয়ায় ওই স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়েছে। এখন প্রান্তিক স্টেশন শহিদ ক্ষুদিরাম (Shahid Khudiram) । তার পর থেকে ক্রমেই ভোগান্তি বেড়েছে যাত্রীদের। বৃহস্পতিবারের বিভ্রাট নিয়ে মেট্রো কর্তৃপক্ষের সাফাই , কবি সুভাষ স্টেশনে একটি পয়েন্ট খারাপ হয়ে যাওয়ার কারণেই এই বিপত্তি। নিত্যযাত্রীদের একাংশের অবশ্য অভিযোগ বহুক্ষণ একেকটি ষ্টেশনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। মেট্রোর তরফে কোনও ঘোষণা হয়নি বলেও অভিযোগ তাঁদের। শেষমেশ বেলা ১টা ২৫ মিনিট নাগাদ নাকি জানানো হয়, টালিগঞ্জ (Tollygunge) এবং রবীন্দ্র সরোবর (Rabindra Sarobor) স্টেশনে পর পর দু’টি মেট্রো দাঁড়িয়ে রয়েছে। সে কারণেই এই দেরি।

উল্লেখ্য, বুধবারও দুপুরেও মেট্রো বিভ্রাটে নাকাল হতে হয়েছিল নিত্যযাত্রীদের । জানানো হয়েছিল, প্রযুক্তিগত কারণে দক্ষিণেশ্বর নয়, বরাহনগর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলবে। সোমবারও ব্যস্ত সময়ে কবি নজরুল স্টেশনে একটি মেট্রো রেক খারাপ হয়ে গিয়েছিল। ফলে মহানায়ক উত্তম কুমার বা টালিগঞ্জ (Tollygunge)  স্টেশনের পর থেকে বন্ধ হয়ে গিয়েছিল পরিষেবা। সপ্তাহের প্রথম দিনে চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছিল অফিসযাত্রীদের। অর্থাৎ চলতি সপ্তাহে এখনও পর্যন্ত মঙ্গলবার ছাড়া রোজই কিছু না কিছু গোলযোগ দেখা দিয়েছে মেট্রোয়। বৃহস্পতিবারও তার অন্যথা হল না।