রবীন্দ্রনাথ ঠাকুর ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি পায়ের কাছে রেখে মঞ্চে বক্তব্য রেখেছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। এর জেরেই বিতর্কে জড়িয়েছেন বিজেপি সাংসদ। সুকান্তর এই কাণ্ডের প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল। তিনি ক্ষমা চাইবেন না কেন? সাংবাদিক বৈঠক থেকে সেই প্রশ্ন তুললেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)।
বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক থেকে এনিয়ে সরব হলেন কুণাল ঘোষ-ব্রাত্য বসুরা। তাঁদের কথায়, “বিজেপি কোনওদিনই বাঙালির নয়, বাঙালিকে সম্মান করে না। এই ঘটনা তারই প্রমাণ।” সম্প্রতি তৃণমূলের তরফে এক্স হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করা হয়। সেখানে দেখা যাচ্ছে, একটি অনুষ্ঠানে সুকান্ত মজুমদার হাজির হয়েছেন। তাঁর পায়ের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি রাখা রয়েছে। যা নিয়ে স্বাভাবিকভাবেই তুঙ্গে বিতর্ক। একে তো সুকান্ত মজুমদার একজন বাঙালি। তার উপর আবার তিনি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। পেশাগত জীবনে তিনি একজন অধ্যাপক। তা সত্ত্বেও কীভাবে রবীন্দ্রনাথের ছবি পায়ের কাছে রেখে রাজনৈতিক কর্মসূচি চালিয়ে গেলেন, স্বাভাবিকভাবেই সে প্রশ্ন উঠেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কুণাল-ব্রাত্য প্রশ্ন তোলেন, এই ঘটনার পর কেন ক্ষমা চাইছেন না সুকান্ত? গোটা ঘটনায় গেরুয়া শিবির অবশ্য মুখে কুলুপ এঁটেছে। এই ‘কীর্তি’ নিয়ে সুকান্ত মজুমদারের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।





