পুজোর আর বেশি দিন বাকি নেই। এদিকে বেশিরভাগ মানুষ পুজোর সময় মেট্রোকেই তাদের যাতায়াতের একমাত্র পন্থা হিসেবে ব্যবহার করেন। তাই যাত্রীদের কথা ভেবে মেট্রো কর্তৃপক্ষ পুজোয় এবার আনছে স্পেশাল টুরিস্ট স্মার্ট কার্ড। লম্বা লাইনে ভিড় ঠেলে টিকিট কাটতে যাতে না হয় তার জন্যই এই ব্যবস্থা। শুধুমাত্র পুজোর দিনগুলিতে এই কার্ডটি ব্যবহার করতে পারবেন যাত্রীরা। যতবার খুশি মেট্রোয় যাত্রাও করতে পারবেন তাঁরা।
বুধবার কলকাতা মেট্রো কর্তৃপক্ষের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী এই টুরিস্ট স্মার্ট কার্ডের বৈধতা হবে তিনদিনের এবং পাঁচ দিনের জন্য। খরচ পড়বে ২৫০ টাকা ও ৫৫০ টাকা। মেট্রোর প্রত্যেকটি টিকিট কাউন্টার থেকে এই কার্ড কেনার সুযোগ থাকবে। এছাড়াও ‘আমার মেট্রো’ অ্যাপ ব্যবহার করেও টিকিট কাটা যাবে। এক্ষেত্রে পাঁচ শতাংশ ডিসকাউন্টও দেওয়া হবে বলে জানানো হয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফে। মেট্রো কর্তৃপক্ষের অনুমান পুজোয় ১১ থেকে ১২ লক্ষ যাত্রী প্রতিদিন যাত্রা করতে পারবেন।
তবে কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ, নয়া মেট্রো লাইন চালু সবকিছু নিয়ে বর্তমানে বেশ নাজেহাল মেট্রো কর্তৃপক্ষ এবং সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে পুজোয় কতটা ঠিক থাকবে মেট্রো পরিষেবা তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা।
কলকাতা মেট্রোর সমস্ত করিডরে এই টুরিস্ট স্মার্টকার্ড ব্যবহার করা যাবে। ব্লু লাইন মেট্রো করিডোর ( দক্ষিণেশ্বর-শহীদ ক্ষুদিরাম) , ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোর (হাওড়া ময়দান – সল্টলেক সেক্টর ফাইভ), অরেঞ্জ লাইন(নিউগড়িয়া-বেলেঘাটা)
এবং পার্পেল লাইনেও(জোকা – মাঝেরহাট)।





