Header AD

অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর হাতে আটক ১৩ বাংলাদেশি মৎস্যজীবী

ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ১৩ জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করেছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ তাঁরা অবৈধভাবে ভারতীয় জলসীমা অতিক্রম করেছেন। জানা গিয়েছে, আটক হওয়া মৎস্যজীবীদের কয়েকজনের বাড়ি বাংলাদেশের বাগেরহাট জেলার পূর্বচণ্ডীপুরে। কয়েকজন ফিরোজপুর এবং জিয়ানগরের বাসিন্দা।
‘মায়ের দোয়া’ নামের যে ট্রলারটি আটক হয়েছে সেটি আন্তর্জাতিক জলসীমা পেরিয়ে ভারতে প্রবেশ করে। আর তা হতেই দ্রুত ট্রলারটিকে ঘিরে ফেলে উপকূল রক্ষীবাহিনী। তাঁদের আটক করে নিয়ে আসা হয় ফ্রেজারগঞ্জে। সেখান থেকে তাঁদের হস্তান্তরিত করা হয়েছে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায়। সেখানেই তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। ঠিক কী কারণে ওই ট্রলারটি ভারতীয় জলসীমায় এসেছিল তা খতিয়ে দেখা হচ্ছে।
বিভিন্ন কারণে প্রায়শই দুই দেশের আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে নিরাপত্তাবাহিনীর হাতে ধরা পড়েন বহু মৎস্যজীবী। ভারতের ৪৮ জন মৎস্যজীবী এই মুহূর্তে আটকে রয়েছেন বাংলাদেশে। এই ঘটনায় কেন্দ্র এবং রাজ্য সরকারের হস্তক্ষেপের দাবি করেন মৎস্যজীবী সংগঠনের সদস্যরা। ভারতের তরফে চেষ্টা করা হলেও বাংলাদেশের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি । এবার বাংলাদেশের ট্রলার ধরা পড়ায় কী পদক্ষেপ করে প্রতিবেশী দেশের সরকার, সেদিকেই তাকিয়ে এ দেশের মৎস্যজীবীরা।