Header AD

পুজোর ভিড় সামলাতে পঞ্চমী থেকে হাওড়া-শিয়ালদহে বাড়তি সুরক্ষা ব্যবস্থা রেলের

দুর্গাপুজোর কয়েকটা দিন কলকাতায় ঠাকুর দেখার ভিড় নতুন কিছু নয়। এই ভিড়ের অনেকটাই ট্রেন ও মেট্রোর যাত্রী। পুজোর এই ভিড় সামলাতে এবার আগে থেকেই কোমর বেঁধে নামছে পূর্ব রেল। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে তা সবিস্তারে জানানো হয়েছে। ২৭ সেপ্টেম্বর অর্থাৎ পঞ্চমী থেকেই হাওড়া, শিয়ালদহের বিভিন্ন শাখায় বাড়তি রেল পুলিশ মোতায়েন করা হবে। যাত্রীদের সুরক্ষা বাড়াতে এবং অপরাধমূলক কাজ রুখতে থাকবেন অতিরিক্ত মহিলা আরপিএফও। এছাড়া পুজোয় দর্শনার্থীদের ভিড় সামলাতে শিয়ালদহে খোলা হচ্ছে অতিরিক্ত টিকিট কাউন্টার। ১ নং  প্ল্যাটফর্মে ‘প্রফুল্ল দ্বার’ খোলা হয়েছে। এখান দিয়ে স্টেশনে সহজে প্রবেশ করতে পারবেন যাত্রীরা।

যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে মেট্রো কর্তৃপক্ষ পুজোয় প্রতি বছর সারারাত পরিষেবা দিয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ইতিমধ্যে মেট্রোরেলের তরফে পঞ্চমী থেকে দশমীর সূচি প্রকাশ করা হয়েছে। ২৭ তারিখ থেকে হাওড়া ও শিয়ালদহ শাখার সবচেয়ে জনবহুল স্টেশনগুলিতে আরপিএফের টহলদারি বাড়বে। শিয়ালদহ ও হাওড়া স্টেশন লাগোয়া অন্তত ২০০টি নামী পুজোমণ্ডপ ঘিরে এই নিরাপত্তা ব্যবস্থা। নামানো হবে স্পেশাল আরপিএফ। এঁদের মধ্যে থাকবেন ৫০০ জন মহিলা আরপিএফও। খোলা হচ্ছে কন্ট্রোল রুম। ভিড়ের মাঝে চুরি, ছিনতাইয়ের মতো ঘটনা রুখতে ড্রোনের সাহায্যে নজরদারি চালাবে রেল পুলিশ। এছাড়া সাড়ে ৬ হাজারের বেশি সিসিটিভি ক্যামেরার সাহায্যে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম থেকে নজরদারি চলবে। এসবের জন্য পুজোর সময় বাড়তি কর্মী মোতায়েন করছে পূর্ব রেল। যাত্রীদের সুবিধার জন্য পুজোর সময় শিয়ালদহ, দমদমে বাড়তি টিকিট কাউন্টার খোলা হচ্ছে। এর মধ্যে বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য থাকছে আলাদা কাউন্টার। এছাড়া চালু হচ্ছে কিউআর কোড দেওয়া টিকিটও। পূর্ব রেলের তরফে যাত্রীদের কাছে অনুরোধ,নিকটবর্তী স্টেশন থেকে গন্তব্য পর্যন্ত সঠিক ভাড়া দিয়ে টিকিট কেটে যাতায়াত করুন। অযথা কোথাও ভিড় বাড়াবেন না। তাহলেই যাত্রা নিরাপদ হবে।