Header AD

কলকাতায় আবার জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, এবার বেহালা!

কলকাতায় রাস্তার জমা জলে আবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটল! এবার ঘটনাস্থল বেহালা-সরশুনা এলাকা। শনিবার সকালে সেখানে মৃত্যু হয় ৬৬ বছর বয়সি এক বৃদ্ধার। দোকানের শাটার খুলতে গিয়ে তিনি তড়িদাহত হন বলে খবর। জানা গিয়েছে সেই সময় রাস্তায় জল জমে ছিল । জমা জলের উপর দাঁড়িয়েই তিনি দোকানের শাটার খোলার চেষ্টা করছিলেন এবং তখন তিনি তড়িদাহত হন বলে খবর।

ঘটনার পর সাফাই দিতে গিয়ে সিইএসসি-র বক্তব্য, দোকানের ছাদের টিনের শেডে একটি আলো লাগানো হয়েছিল। সেই আলোর তার ঠিকমতো ছিল না। বিদ্যুৎবাহী সেই তারের কারণেই বৃদ্ধা তড়িদাহত হয়েছেন।

প্রসঙ্গত, গত সোমবার রাতে প্রবল বৃষ্টিতে ভেসে গিয়েছিল কলকাতা। মঙ্গলবার সকাল থেকে শহরের বিস্তীর্ণ অংশ জলমগ্ন ছিল। বৃষ্টি এবং জমা জলের বলি হয়েছেন  ১০ জন। সূত্রের খবর, সোমবারের বৃষ্টির পর বেহালায় যে জল জমেছিল, তা অনেক জায়গায় নেমে গেলেও এখনও বেশ কিছু রাস্তা জলমগ্ন রয়েছে। সরশুনার কিছু রাস্তাতেও জল জমে রয়েছে। জল পেরিয়ে সেখানকার বাসিন্দাদের কাজ করতে হচ্ছে। শনিবার যে জলে দাঁড়িয়ে দোকান খোলার চেষ্টা করেছিলেন বৃদ্ধা, সেই জলে বিদ্যুতের কোনও সংস্পর্শ ছিল না। দোকানের শাটারে বিদ্যুতের সংযোগ ঘটেছিল। তবে জলের উপর দাঁড়িয়ে থাকায় তড়িৎ প্রবাহ আরও দ্রুত হয়েছে, দাবি এলাকার বাসিন্দাদের একাংশের।