Header AD

হাইলোডেড ভাইরাস বিড়লাদের উপর প্রভাব খাটিয়ে কারখানার উদ্বোধন স্থগিত করেছে! বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর

পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে রঙের কারখানা তৈরি করেছে বিড়লা গোষ্ঠী। বৃহস্পতিবার সেই কারখানা উদ্বোধনের কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। কিন্তু আচমকাই সেই কর্মসূচি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বিড়লা গোষ্ঠী। এর নেপথ্যে ‘ষড়যন্ত্র’-এর অভিযোগ করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

মঙ্গলবার, শিলিগুড়ির সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান, খড়্গপুরে বিড়লাগ্রুপের রং কারখানার উদ্বোধন করতে বৃহস্পতিবার যাবেন তিনি। তারপরেই জানা যায়, কুমার মঙ্গলাম বিড়লার অসুস্থতার কারণে এই উদ্বোধন আপাতত স্থগিত রাখা হয়েছে। উত্তরবঙ্গ থেকে বুধবার দুপুরে কলকাতা বিমানবন্দরে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তাঁর কথায় বিড়লাদের উপর জোর খাটিয়ে কারখানার উদ্বোধন স্থগিত করিয়েছে হাইলোডেড ভাইরাস (বিজেপি)। কুমার মঙ্গলামের বিরুদ্ধে অবশ্য কোনও অভিযোগ করেননি মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, বিজেপির (BJP) চাপে পড়ে এটা করতে বাধ্য হয়েছে বিড়লা। এদিকে ত্রিপুরায় আগরতলা বিমানবন্দরের আটকে দেওয়া হয় তৃণমূলের প্রতিনিধিদলকে। এমনকি কোনও প্রিপেড ট্যাক্সিও তাঁরা পাননি। এই ঘটনার উল্লেখ করে মমতা বলেন, “ট্যাক্সি ড্রাইভার থেকে বিড়লা- সবার উপর প্রভাব খাটিয়ে বাংলাকে বঞ্চিত করতে চাইছে। কোণঠাসা করতে চাইছে বিজেপি।“

এদিন, বিমানবন্দরে কেন্দ্রের মোদি সরকারকে তীব্র আক্রমণ করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তাঁর কথায়, সব বিষয়ে বাংলার সঙ্গে বৈমাতৃকসুলভ আচরণ করে বিজেপি। উত্তরবঙ্গের দুর্যোগের সময় হঠাৎ বিমানভাড়া অত্যাধিক বাড়িয়ে দেওয়া হয়। দিল্লি দিয়ে ঘুরে আসতে প্রায় ৪৫ হাজার টাকা বিমানভাড়া গুণতে হচ্ছে। রাজনৈতিক স্বার্থে বাংলাকে বঞ্চিত করা হচ্ছে। সব বিষয়ে রাজনীতিকে টেনে আনা নিয়ে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। একই তিরে নিশানা করেন নরেন্দ্র মোদি ও অমিত শাহকে। “এরা আবার গণতন্ত্রের কথা বলে!” কটাক্ষ মুখ্যমন্ত্রীর।এর পরেই বিস্ফোরক অভিযোগ করেন তিনি। বলেন, তিনি উত্তরবঙ্গে সাংবাদিক বৈঠকে জানিয়ে ছিলেন, খড়্গপুরে বিড়লাগ্রুপের রং কারখানার উদ্বোধন করতে বৃহস্পতিবার যাবেন। তার আধঘণ্টার মধ্যেই বিড়লাদের তরফ থেকে জানানো হয়, কুমার মঙ্গলাম বিড়লার অসুস্থতার কারণে এই উদ্বোধন আপাতত স্থগিত রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী অভিযোগ, উপর থেকে জোর খাটিয়ে কারখানার উদ্বোধন স্থগিত করিয়েছে হাইলোডেড ভাইরাস অর্থাৎ বিজেপি। মুখ্যমন্ত্রী কথায়, “ওঁর(কুমার মঙ্গলম বিড়লা) কোনও দোষ নেই বিজেপির চাপে পড়ে এটা করতে বাধ্য হয়েছেন।“ এরপরই কেন্দ্র সরকারকে তীব্র আক্রমণ করে  বলেন, “অনেক সরকার দেখেছি, কিন্তু এরকম ভয়ানক সরকার আমি আগে কখনও দেখিনি। এরা তো দেশটাকে পুরো শেষ করে দেবে। বেশি দম্ভ ভাল নয়। মনে রাখবেন, কোনও কিছুই স্থায়ী নয়।” এদিন কলকাতায় ফিরে ফের কেন্দ্রকে নিশানা করে তিনি  বলেন, “বলতে খারাপ লাগছে, ভোটের জন্য টাকা আছে, ত্রাণের জন্য নেই টাকা নেই, এটাই এই সরকারের নীতি হয়ে দাঁড়িয়েছে। উল্টে দুর্যোগের মধ্যেও কুৎসার রাজনীতি করে চলেছে।”