Header AD
Trending

হরিপালে ৫১৫ কেজির অবৈধ শব্দবাজি বাজেয়াপ্ত, গ্রেপ্তার ৪

আর কয়েকদিন পরই কালীপুজো। তার আগেই হুগলিতে উদ্ধার হল বিপুল পরিমাণে অবৈধ শব্দবাজি। হুগলির হরিপাল থানার পুলিশ অভিযান চালিয়ে ৫১৫ কেজি নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করেছে।  গ্রেপ্তার করা হয়েছে চারজনকে। পুলিশ জানিয়েছে, পুজোর আগে এই রকম আরও অভিযান চলবে।

বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে হরিপাল থানা এলাকার মালাপাড়ায় একটি স্কুলের পাশের  বাড়িতে অভিযান চালায় হরিপাল থানার পুলিশ। সেখান থেকে বিপুল পরিমাণে বাজি উদ্ধার হয়। যেগুলি অবৈধ বলে জানিয়েছে পুলিশ। দীপঙ্কর বাস্কে, অরূপ দাস, বাবলু বাউরি, মতি বাউরি নামে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের  বৃহস্পতিবার আদালতে পেশ করা হবে।

প্রতিবছর কালীপুজোর সময় শহর ও শহরতলী এলাকায় প্রচুর  শব্দ বাজানো ফাটানোর অভিযোগ ওঠে। পুলিশের কাছেও অনেক অভিযোগ আসে। হুগলি গ্রামীণ পুলিশের তারকেশ্বর সিআই প্রশান্ত চট্টোপাধ্যায় জানিয়েছেন উৎসবের মরশুম, বিশেষ করে দীপাবলির আগে এধরনের অভিযান চলবে। তিনি বলেন, “গোপন সূত্রের খবর পেয়ে অভিযান চালানো হয়। তাতেই এই বিপুল পরিমাণ অবৈধ শব্দবাজি উদ্ধার করা হয়েছে। চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময় আমাদের কাছে অনেক অভিযোগ আসে। সেই মোতাবেক পদক্ষেপ করা হয়েছে। এর আগেও অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করে মামলা করা হয়েছিল। আগামীতেও অভিযান চলবে।”