অস্বস্তি বাড়ল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ২০২২ সালে শুভেন্দুকে দেওয়া রক্ষাকবচ প্রত্যাহার করে নিল হাই কোর্ট। যার ফলে বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করতে আর আদালতের অনুমতি প্রয়োজন হবে না রাজ্যের। বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ শুক্রবার এই রায় দিয়েছেন। এদিন বিচারপতি জয় সেনগুপ্ত জানান, শুভেন্দুর বিরুদ্ধে রক্ষাকবচের যে রায় ছিল, সেটা ছিল অন্তর্বর্তীকালীন নির্দেশ। কোনও অন্তর্বর্তীকালীন নির্দেশই অনির্দিষ্টকাল চলতে পারে না। তাই ওই নির্দেশ প্রত্যাহার করা হচ্ছে। এর সঙ্গে বিরোধী দলনেতার বিরুদ্ধে দায়ের হওয়া ১৫টি এফআইআর অবশ্য বাতিল করে দিয়েছেন বিচারপতি।
উল্লখ্য, ২০২২ সালের ডিসেম্বর মাসে কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ রক্ষাকবচ দিয়েছিল এই বিজেপি নেতাকে। রাজ্য পুলিশের দায়ের করা ২৬টি এফআইআরে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। সেই সঙ্গে নির্দেশ ছিল, শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করতে গেলে আদালতের অনুমতি নিতে হবে। এর পর বিরোধী দলনেতার বিরুদ্ধে একাধিকবার বহু অভিযোগ উঠলেও আদালতের অনুমতি না থাকায় FIR দায়ের করা যায়নি। সম্প্রতি ওই রক্ষাকবচের বিরুদ্ধে আদালতে যায় রাজ্য। শুনানি শেষে শুক্রবার রায়দান করলেন বিচারপতি জয় সেনগুপ্ত।
প্রসঙ্গত, ভোটের আগে হাই কোর্টের এই রায়ে স্বভাবতই বেশ চাপে বিরোধী দলনেতা। তাঁর বিরুদ্ধে জমে থাকা অভিযোগের পাহাড় নিয়ে এবার পদক্ষেপ শুরু করতে পারবে রাজ্য। তবে শুভেন্দুর আইনজীবীদের কোনও বক্তব্য থাকলে সোমবারের মধ্যে আদালতে লিখিত আকারে সেটা জানাতে বলা হয়েছে।





