Header AD

অন্ধ্রে বাইকের সঙ্গে বাসের সংঘর্ষ, আগুনে ঝলসে মৃত ২৫, আর্থিক সাহায্যর ঘোষণা প্রধানমন্ত্রীর

উৎসবের মরশুমে মর্মান্তিক দুর্ঘটনা অন্ধ্রে। লাক্সারি বাসে আগুন লেগে মৃত্যু হল ২৫ জনের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি অনেকেই। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের কুর্নুলে। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাত্রি নাগাদ একটি যাত্রীবোঝাই লাক্সারি বাস হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুর দিকে রওনা দিয়েছিল। ভোররাতে কুরনুল জেলার চিন্নেতকুর গ্রামের কাছে বেঙ্গালুরু-হায়দরাবাদ হাইওয়েতে বাসটির  ধাক্কা লাগে একটি মোটরবাইকের সঙ্গে । মুহুর্তে বাসটিতে আগুন ধরে যায়। চোখের নিমেষে দাউদাউ করে জ্বলে ওঠে গোটা বাস। বিকট শব্দে বিস্ফোরণের শব্দও শোনা যায়। কয়েক মিনিটের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় বাসটি। অধিকাংশ যাত্রী দরজা ভেঙে বেরিয়ে আসার সময়টুকুও পাননি। ফলে মর্মান্তিকভাবে আগুনে ঝলসে মৃত্যু হয় একের পর এক যাত্রীর।

পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার সময় বাসটির মধ্যে ছিলেন চালক ও খালাসি-সহ ৪০-৪২ জন যাত্রী। একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমে খবর ২৫জন প্রাণ হারিয়েছেন। ইতিমধ্যেই ১৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অন্ধ্র-তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর দপ্তর থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডেলে লেখেন, “কুর্নুলের দুর্ঘটনায় আমি স্তম্ভিত। মৃতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।” রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় লেখেন, “ভয়াবহ বাস দুর্ঘটনার খবর শুনে আমি মর্মাহত। যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা। সরকার আহত এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সবরকমভাবে পাশে থাকবে।”