Header AD
Trending

অস্ট্রেলিয়ার দুই মহিলা ক্রিকেট বিশ্বকাপারের শ্লীলতাহানির অভিযোগ মধ্যপ্রদেশে, গ্রেপ্তার অভিযুক্ত

এবার অস্ট্রেলিয়ার দুই মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানির অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে। পুলিশে অভিযোগ দায়ের করেছে অস্ট্রেলিয়া দল। এই ঘটনায়  আকিল খান নামে এক যুবককে গ্রেফতার করেছে ইন্দোর পুলিশ।

এক দিনের বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নিতে অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল এখন ভারতে। শনিবার ইন্দোরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ অস্ট্রেলিয়ার। জানা গিয়েছে, নিজেদের হোটেল থেকে হেঁটে কাছেই একটি ক্যাফেতে যাচ্ছিলেন অস্ট্রেলিয়ার দুই মহিলা ক্রিকেটার। সেই সময় বাইকে করে এসে অভিযুক্ত যুবক অশ্লীলভাবে দুই ক্রিকেটারের  শরীর স্পর্শ করে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে হোটেলে খবর পাঠান তাঁরা। অস্ট্রেলিয়া দলের সুরক্ষার দায়িত্বে থাকা ড্যানি সিমন্স ঘটনাস্থলে পৌঁছন। তিনি এমআইজি থানায় অভিযোগ দায়ের করেন। খবর পেয়ে দুই ক্রিকেটারের সঙ্গে দেখা করেন সহকারী পুলিশ কমিশনার হিমানি মিশ্র। তাঁদের বয়ান রেকর্ড করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ৭৪ ও ৭৮ ধারায় ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।

পুলিশ জানিয়েছে, খাজরানা রোড এলাকায় ঘটেছে এই ঘটনা। খবর পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। হোটেল থেকে বেরিয়ে দুই ক্রিকেটার যখন ক্যাফের দিকে যাচ্ছিলেন, তখন বাইক আরোহী এক যুবক তাঁদের অনুসরণ করেন। কিছু দূর যাওয়ার পর আচমকা দুই ক্রিকেটারের শ্লীলতাহানি করেন তিনি। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে বাইকের নম্বর পেয়ে পরে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থলের সিসি টিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় আরও কেউ যুক্ত রয়েছে কি না তাও তদন্ত করে দেখছে পুলিশ। এই ঘটনায় প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “ডবল ইঞ্জিনের বিজেপি শাসিত রাজ্যে ধর্ষণ, মহিলাদের ওপর সীমাহীন অত্যাচারের ঘটনা তো ছিলই। এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের ইন্দোরের এই ঘটনা পৃথিবীর বুকে ভারতের মাথা হেঁট করে দিল।“