এরাজ্যের শিশুদের বিনামূল্যে চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে চালু হয়েছে ‘শিশুসাথী’ প্রকল্প। সাধারণ অসুস্থতার পাশাপাশি এবার সেই তালিকায় জুড়ল শিশুদের দূরারোগ্য কিছু ব্যাধি। এখন থেকে ‘শিশুসাথী’ প্রকল্পের আওতায় এসব রোগের চিকিৎসা হবে সরকারি খরচে। সেই বাবদ ৩০০ কোটি টাকা নতুন করে বরাদ্দ করা হয়েছে। নিজের সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন রাজ্যের প্রসাসনিক প্রধান।
নানা ধরনের অসুখ নিয়ে প্রতিদিন পৃথিবীর আলো দেখে বহু শিশু। কারও হৃদযন্ত্রের গুরুতর সমস্যা, কারও আবার অন্য কিছু। গোড়া থেকেই সেসব অসুখের চিকিৎসা না করলে তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ে। তাই অভিভাবকরা হাজার কষ্ট উপেক্ষা করেও অর্থ সংগ্রহ করে সদ্যোজাতর জন্মগত রোগের চিকিৎসা করান। এরাজ্যে অবশ্য শিশুদের বিনামুল্যে চিকিৎসার জন্য রয়েছে শিশুসাথী প্রকল্প।
এবার এই প্রকল্পের আওতায় ক্লেফট লিপ, প্যালেট, নিউরাল টিউব ডিফেক্ট , ক্লাবফুটের মতো দূরারোগ্য ব্যাধির শিকার হয় সদ্যোজাতদের চিকিৎসা হবে বিনামূল্যে। এসব রোগের চিকিৎসা ব্যয়বহুল। সরকারি হিসেব অনুযায়ী, অন্তত ৬৩ হাজারের বেশি শিশু এসব রোগে ভুগছে। এবার থেকে এই ধরনের রোগের চিকিৎসা হবে সরকারি খরচে। বিভিন্ন সরকারি হাসপাতালে একেবারে নিখরচায় শিশুদের জটিল রোগের চিকিৎসা হবে। শিশুসাথী প্রকল্পে এই খরচের জন্য বাড়তি অর্থও বরাদ্দ করা হয়েছে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী সোশাল মিডিয়ায় পোস্ট করে এই সুসংবাদ জানিয়েছেন।





