Header AD
Trending

উপমুখ্যমন্ত্রীর কনভয়ে হামলা, রাজনৈতিক তরজায় শুরু বিহারের প্রথম দফার ভোট! ‘বদল হবেই’ বলছেন লালু

বৃহস্পতিবার বিহারে চলছে প্রথম দফার ভোটগ্রহণ। প্রথম দফার ভোটেই ছড়িয়ে পড়ল উত্তেজনা। বিহারের উপমুখ্যমন্ত্রী তথা লখীসরাই কেন্দ্রের বিজেপি প্রার্থী বিজয়কুমার সিন্‌হার কনভয়ে হামলার অভিযোগ উঠল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। তেজস্বীর দলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। অভিযোগ অস্বীকার করেছে আরজেডি।  দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বিহার পুলিশের ডিজিকে এই বিষয়ে ‘দ্রুত পদক্ষেপ’ করার নির্দেশ দিয়েছেন। এদিন সকাল ৭টা থেকেই ১৮ জেলার ১২১ আসনে শুরু হয়েছিল নির্বাচন পর্ব। সকাল সকাল পাটনায় সপরিবারে ভোট দিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। পাশাপাশি, স্ত্রী রাজশ্রী যাদবের সঙ্গে এদিন ভোট দিয়েছেন লালু-পুত্র তথা রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) নেতা তেজস্বী যাদবও।

বৃহস্পতিবার বিহারে একাধিক হেভিওয়েট প্রার্থীর ভাগ্যপরীক্ষা হল। তার মধ্যে রয়েছেন বিহারের বিরোধী দলনেতা তথা লালুর কনিষ্ঠ পুত্র তেজস্বী যাদব। তিনিই আবার বিরোধী জোট ‘মহাগঠবন্ধন’-এর মুখ্যমন্ত্রী মুখ, লড়ছেন রাঘোপুর কেন্দ্র থেকে। এছাড়াও আছেন লালুর ‘বিদ্রোহী’ জ্যেষ্ঠপুত্র তথা জনশক্তি জনতা দল প্রতিষ্ঠাতা-প্রধান তেজপ্রতাপ যাদব (মহুয়া), বিহারের দুই বিজেপি উপমুখ্যমন্ত্রী— সম্রাট চৌধরি (তারাপুর) এবং বিজয়কুমার সিনহা (লখীসরাই), বিজেপিতে যোগ দেওয়া ভোজপুরি গায়িকা মৈথিলী ঠাকুর (আলিনগর), ভোজপুরি গায়ক ও অভিনেতা খেসারীলাল যাদব (আরজেডি, ছপরা)। বিহার নির্বাচনে ২১টি আসনে প্রার্থী দিয়েছে ‘জনশক্তি জনতা দল’। পাটনার বখতিয়ারের একটি বুথে ভোট দিলেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমার। ভোট দেওয়ার পর সমাজমাধ্যমে একটি পোস্ট করে ভোটারদের ভোটদানে উৎসাহিত করেন নীতীশ।

এদিন সকালে ভোট দিতে গিয়েছিলেন লালু-পত্নী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীও। তিনি তাঁর দুই সন্তানকেই শুভেচ্ছা বার্তা দিয়েছেন। তিনি বলেন, “আমার দুই ছেলের জন্যই আমার শুভেচ্ছা রইল (তেজস্বী এবং তেজপ্রতাপ)। আমি তাঁদের মা। তেজপ্রতাপ আলাদা লড়ছে। তাঁদের দু’জনের জন্যই আমার শুভকামনা রইল। একইসঙ্গে আমি বিহারের জনগণকে অনুরোধ করছি, আপনারা নিজেদের ভোটাধিকার ভুলে না গিয়ে ভোট দিন।” আরজেডি নেত্রী হওয়া সত্ত্বেও লালুর ‘বিদ্রোহী’ পুত্র তেজপ্রতাপকে সমর্থন জানালেন লালু-কন্যা রোহিণী আচার্য।  তিনি বলেন, “আমার শুভেচ্ছা ওর সঙ্গে রয়েছে, আমি ওকে (তেজপ্রতাপ) আশীর্বাদ করছি।“ তারপর তাঁর পাল্টা প্রশ্ন, “আপনি কি আপনার ভাইকে আশীর্বাদ করবেন না?” অন্যদিকে ভোট দেওয়ার পর লালু বললেন, “বদল হবেই।” আর ভোট দিয়ে বেরিয়ে তেজস্বীর বার্তা, “আগামী ১৪ নভেম্বর বদল আসছে। গঠিত হবে নতুন সরকার।”  

উল্লেখ্য, এসআইআর-এর পর এই প্রথম ভোট হচ্ছে বিহারে। নির্বাচন কমিশন দাবি করেছে, প্রথম দফার ভোটের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পুরো নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবেই সম্পন্ন হবে, এমনই আশ্বাস দিয়েছিল কমিশন। সব মিলিয়ে ৪৫ হাজার বুথে এই পর্বে ভোট। দুপুর ৩টে পর্যন্ত বিহারে ৫৩.৭৭ শতাংশ ভোট পড়েছে। এই সময়ের মধ্যে ভোটদানের হারে সবচেয়ে এগিয়ে বেগুসরাই জেলা (৫৯.৮২ শতাংশ)। সব থেকে পিছিয়ে পাটনা জেলা (৪৮.৬৯ শতাংশ)।