বাংলার ‘যাত্রী সাথী’ অ্যাপ কেন্দ্রীয় সরকারের এমওএইচইউএশ্রেষ্ঠত্বের শিরোপা লাভ করল। ট্রফিও দেওয়া হয়েছে সঙ্গে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে এই কথা জানিয়ে একটি বার্তা দিয়েছেন। এছাড়াও এই কাজের সঙ্গে যুক্ত সকলকে আন্তরিক অভিনন্দনও জানিয়েছেন। মুখ্যমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে এ বিষয়ে লিখেছেন, “এই অসাধারণ কাজের সঙ্গে যুক্ত সকলকে আমার আন্তরিক অভিনন্দন। বাংলা আজ যা ভাবে, ভারত আগামী কাল তা ভাবে।”
বিগত বেশ কিছু বছর ধরেই বাস, ট্যাক্সি ইত্যাদির পরিবহণ মাধ্যম হিসেবে দেশে ‘অ্যাপ ক্যাব’ পরিষেবা উঠে এসেছে। অন্যান্য রাজ্যের শহরগুলিতে বিভিন্ন বেসরকারি অ্যাপ ক্যাব সংস্থা গাড়ি চালায়। বাংলায় কলকাতা-সহ বিভিন্ন শহরেও একইভাবে বেসরকারি ক্যাব চলাচল করে। তবে বিভিন্ন সময় অ্যাপ ক্যাবের ক্ষেত্রে সমস্যা দেখা দেয় বলেও অভিযোগ। কখনও কখনও ভাড়া বেশি নেওয়ার অভিযোগও ওঠে। এছাড়াও বহু চালকদের দুর্ব্যবহারের অভিযোগও পাওয়া যায়। স্বাভাবিকভাবেই তাই ধীরে ধীরে সাধারণ মানুষদের সেইসব অ্যাপ ক্যাব সংস্থাগুলির উপর ক্ষোভ বাড়ছিল ।
রাজ্য সরকার যাত্রীদের সুবিধার্থে তাই চালু করে ‘যাত্রী সাথী’ অ্যাপ। খুব সহজেই এই অ্যাপের মাধ্যমে যেকোনও গন্তব্যে যাওয়ার জন্য গাড়ি বুক করা যায়। ভাড়াও সাধ্যের মধ্যে। বিভিন্ন সময় যাত্রীরা এই অ্যাপ ব্যবহার করে নিজেদের গন্তব্যে পৌঁছনোর উদ্দেশ্যে। পশ্চিমবঙ্গ সরকারের আইটি অ্যান্ড ই বিভাগের মাধ্যমে এই পরিষেবা সাধারণ মানুষরা পান। সূত্রের খবর, এখনও অবধি ১.৪২ কোটিরও বেশি যাত্রা হয়েছে এই পরিষেবায়। ১.৩ লক্ষেরও বেশি চালক এই অ্যাপের সঙ্গে যুক্ত রয়েছেন। কলকাতা ও শহরতলির ৪৫ লক্ষের বেশি যাত্রী উপকৃত হয়েছেন এই যাত্রী সাথীর মাধ্যমে। বাংলা ছাড়াও অন্যান্য রাজ্যে বাংলার অনুকরণে এই পরিষেবা শুরু হয়েছে বলেও জানা যাচ্ছে।





