আবার শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার ভোর পাঁচটা নাগাদ টেরিটি বাজারের উল্টোদিকে এজরা স্ট্রিটে বৈদ্যুতিন সামগ্রীর দোকানে আগুন লাগে। দ্রুত খবর দেওয়া হয় দমকলে। এখনও পর্যন্ত দমকলের ২০ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। তবে কয়েকঘণ্টা কেটে গেলেও এখনও পর্যন্ত পুরোপুরি ভাবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলেই জানা যাচ্ছে।
এজরা স্ট্রিটের বহুতলে একটি বৈদ্যুতিন সামগ্রীর গোডাউনে আগুন লাগে। দ্রুত তা ছড়িয়ে পড়তে থাকে । শুধু বহুতলই নয়, আশপাশের বেশ কয়েকটি বাড়িতেও ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। চোখের নিমেষে কালো ধোঁয়ার আস্তরণে ঢেকে যায় চারপাশ। দমকল সূত্রে খবর, আগুন নেভানোর চেষ্টা চলছে । তবে ভিতরে কেউ আটকে নেই।
এই অগ্নিকাণ্ডে দমকল বাহিনীর তৎপরতাকে কেন্দ্র করে বেশ ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। দমকলের ভূমিকা নিয়েও তাঁরা প্রশ্ন তুলেছেন। তাঁদের অভিযোগ, বিভিন্ন রকম অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে ঘটনাস্থলে দমকল কর্মীরা পৌঁছলেও আগুন নেভানোর ক্ষেত্রে তাঁদের তৎপরতা সেভাবে দেখা যায়নি।
সূত্রের খবর, ওই বহুতলের কাচের জানলা ভেঙে ধোঁয়া বের করে আগুন নেভানোর কাজ চালাচ্ছে দমকল বাহিনী। তবে বহুতলটি অত্যন্ত জনবহুল হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে। বহুতলের বেশ কিছু দোকান তালাবন্ধ ছিল ভোরবেলায়। ফলে আগুন লাগার উৎস খুঁজতেও বেশ সমস্যার মুখে পড়তে হয়।





