Header AD

জলপাইগুড়িতে ভ্যান ও বাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ৩

মর্মান্তিক দুর্ঘটনা জলপাইগুড়িতে। পিকআপ ভ্যান ও বাইকের মুখোমুখি সংঘর্ষ। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ১১ টা নাগাদ বালাপাড়া সংলগ্ন জলপাইগুড়ি তিস্তা সেতুর উপর। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে দুই বাইক আরোহীর। আরেক বাইক আরোহীর দেহ মিলল তিস্তা নদী থেকে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।

স্থানীয় সূত্রে খবর, বাইকে থাকা তিনজন রাস্তার একদিক থেকে আসছিলেন। অপরদিক থেকে ছুটে আসছিল পিক আপভ্যান। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে বাইক থেকে একেবারে ছিটকে পড়ে যায় তিনজন। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছনোর পর  পুলিশ দ্রুত দুজন বাইক আরোহীকে  উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়  চিকিৎসার জন্য। তবে শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনার পর থেকে খোঁজ মিলছিল না আরেক বাইক আরোহীর। শনিবার সকালে জলপাইগুড়ি শহর সংলগ্ন সুকান্তনগরের বাসিন্দা বাপ্পা বর্মনের দেহ তিস্তা সেতুর নীচে নদী থেকে উদ্ধার করা হয় । পুলিশ সূত্রে জানা গিয়েছে, সংঘর্ষের বেগ এতটাই ছিল যে দুর্ঘটনার পরেই ব্রিজের উপর থেকে  নীচে ছিটকে পড়ে যান বাপ্পা। কী ভাবে ঘটল এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে নিয়ন্ত্রণ হারিয়েই এই দুর্ঘটনা ঘটেছে বলেই প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ।