Header AD

রক্ষণাবেক্ষণের কাজের জন্য রবিবার ১৬ ঘন্টা বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথে যাতায়াত!

রক্ষণাবেক্ষণের কাজের জন্য রবিবার ফের দীর্ঘ সময় বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu) । কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের নির্দেশ অনুযায়ী,রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ১৬ ঘণ্টা বন্ধ থাকবে সেতু । এই সময় কোনওরকম যানবাহন চলাচল করতে পারবে না। উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরেই প্রতি রবিবার রক্ষণাবেক্ষণের কাজের জন্য দ্বিতীয় হুগলি সেতু বন্ধ রাখা হচ্ছে।

বৃহস্পতিবার লালবাজার থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্ধারিত সময়সীমার পর থেকে অর্থাৎ রাত ৯টার পর আবার সাধারণের জন্য খুলে দেওয়া হবে এই সেতু। যান চলাচল হবে স্বাভাবিক ভাবেই । যদিও এর আগে গত রবিবারও সেতু ভোর থেকে কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছিল মেরামতি কাজে জন্য।

দ্বিতীয় হুগলি সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা হুগলি রিভার ব্রিজ কমিশন গত কয়েক সপ্তাহ ধরে নিয়মিত মেরামত ও সারাইয়ের কাজ করছে। সেই কাজ আরও দ্রুত এবং নিরাপদে শেষ করার জন্যই এই সপ্তাহান্তেও দীর্ঘ সময় যানবাহন বন্ধ রাখা হচ্ছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। কলকাতা পুলিশ সূত্রে খবর, এই সময়ে যাত্রীরা বিকল্প পথ হিসেবে হাওড়া ব্রিজ ব্যবহার করতে পারবেন। হাওড়া ও কলকাতার মধ্যে যাতায়াতকারী যানবাহনকে আগেভাগে রুট পরিকল্পনা করে নেওয়ার পরামর্শও দিয়েছে ট্রাফিক বিভাগ। যানজট এড়াতে পুলিশ অতিরিক্ত নজরদারির ব্যবস্থাও করবে বলে জানা গিয়েছে।

রাজ্য প্রশাসনের এক কর্তা জানিয়েছেন, যেহেতু এই দ্বিতীয় হুগলি সেতু কলকাতা শহরের সঙ্গে হাওড়া তথা দূরদূরান্তের জেলায় যাতায়াতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ, সেহেতু এই সেতু সংস্কারের জন্য বিশেষ সময় ও সুযোগ পাওয়া যায় না । তাই রবিবার ছুটির দিনেই এই সেতু বন্ধ রেখে কাজ করা যায়। তারই অঙ্গ হিসাবে এখন ধারাবাহিক ভাবে প্রতি রবিবার সেতু বন্ধ রেখে সংস্কারের কাজ করা হচ্ছে।