আগেও বহুবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নানা প্রকল্প নকল করার চেষ্টা করেছে একাধিক রাজনৈতিক দল, বিশেষত বিজেপির ডবল ইঞ্জিন সরকার। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় প্রকল্প ‘মা ক্যান্টিন’-এর হুবহু নকল করেছে বিজেপি শাসিত দিল্লির ডবল ইঞ্জিন সরকার। সম্প্রতি নিম্ন আয়ের লোকদের কথা মাথায় রেখে “৫ টাকায় পুরো থালি„ প্রকল্পের কথা ঘোষণা করেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা (Rekha Gupta)। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর নামে নাম রেখেছেন ‘অটল ক্যান্টিন স্কিম’। আগামী ২৫ ডিসেম্বর তাঁর জন্মদিনের দিন শুরু হতে চলেছে এই নতুন স্কিম। রেখা গুপ্তার এই স্কিম নিয়ে এবার বিজেপিকে টুকলিবাজ বলে খোঁচা তৃণমূলের।
মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের মতোই এই ক্যান্টিন গুলিতে মাত্র পাঁচ টাকায় পুষ্টিকর ও পেট ভরে খাবার সরবরাহ করা হবে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত জানান, এই ক্যান্টিনগুলি শুরু করার একমাত্র লক্ষ্য হল নিম্ন আয়ের শ্রমিক, রিকশাচালক, কর্মজীবী মানুষ ও দরিদ্ররা যাতে তাদের দিনের বেলায় সাশ্রয়ী মূল্যে, মানসম্পন্ন খাবার পেতে পারেন তা নিশ্চিত করা। শনিবার তিনি হায়দারপুর এলাকায় অটল ক্যান্টিনের নির্মাণস্থল পরিদর্শন করে দেখেন এবং প্রস্তুতি পর্যালোচনা করেন।
প্রথম পর্যায়ে অটল ক্যান্টিন স্কিমে মাএ ১০০টি স্থানে ক্যান্টিন খোলা হবে। শালিমার বাগ, রাজেন্দ্র নগর, রোহিণী, প্যাটেল নগর, বদরপুর এবং কারাওয়াল নগর-সহ বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে ক্যান্টিনগুলিতে ইতিমধ্যেই কাজ শুরু করা হয়েছে। প্রতিটি ক্যান্টিনে দিনে দু’বার, সকাল এবং সন্ধ্যাবেলা ৫০০টি প্লেট করে পাওয়া যাবে। দিল্লির মুখ্যমন্ত্রী দাবি করেন, এই সরকারের একমাত্র লক্ষ্য হল দিল্লির কোন বাসিন্দাকে যাতে ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে না হয় তা সম্পূর্ণরূপে নিশ্চিত করা। সেই কারণেই এই উদ্যোগ নেওয়া। মানুষ যাতে নিরাপদ ও তরতাজা খাবার খেতে পারে তা নিশ্চিত করার জন্য স্বাস্থ্যবিধি এবং খাবারের মানের উপর কঠোর নজরদারিও চলবে। দিল্লির বিপুল সংখ্যক দৈনিক মজুর আর্থিক দিক থেকে এই প্রকল্প থেকে উপকৃত হবেন।
উল্লেখ্যভাবে, তৃণমূল সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প দেশে-বিদেশে সর্বত্র দারুণ সমাদৃত হয়। সে জন্যই নানা জায়গা থেকে স্বীকৃতিও মিলেছে প্রচুর। বিজেপি প্রথমে এই প্রকল্প নিয়ে সমালোচনা করলেও পরে নিজেদের শাসনে থাকা বিভিন্ন রাজ্যের ভোটে জয় লাভের জন্য সেই মডেলই অনুসরণ করেছে । মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ বা ছত্তিশগড়ে সহ বিভিন্ন রাজ্যে এই প্রকল্প অন্য নামে প্রকাশ করা হয়। মমতার মা ক্যান্টিন প্রকল্পে পাঁচ টাকায় রাজ্যের বিভিন্ন প্রান্তে মেলে উন্নত মানের ভাত, ডাল, সবজি, ডিম। আর অটল ক্যান্টিন প্রকল্পে মিলবে সেই ডাল, ভাত, শাকসবজি এবং রুটির মতো খাবার। যা নিয়ে ইতিমধ্যেই কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। নিজেদের এক্স হ্যান্ডলে দুই প্রকল্পের পোস্টার পোস্ট করে দলের তরফে বলা হয়েছে, ‘কন্ট্রোল+সি, কন্ট্রোল+ভি। এভরি মাস্টারপিস হ্যাজ আ চিপ কপি।’ অর্থাৎ পুরো বিষয়টাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের ‘কপি পেস্ট’ বলে খোঁচা দিয়েছে তৃণমূল কংগ্রেসে। বিজেপিকে কটাক্ষ করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ লেখেন, ‘বিজেপি, মা ক্যান্টিন শুরুর সময় কী যেন বলেছিলে? এখন টুকলিবাজি?? আজ বাংলা যা ভাবে, দিল্লি কাল সেটাই করে। মমতা-মডেল শেষ পর্যন্ত কপি করা হল।’






