Header AD
Trending

অফিস টাইমে ফের ভোগান্তি যাত্রীদের, সিগন্যাল সমস্যায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রইল মেট্রো

আবারও মেট্রো বিভ্রাট বলু লাইনে! এখন যেন ভোগান্তির নাম ব্লু লাইন। দক্ষিণেশ্বর থেকে দমদম স্টেশনের মাঝে বরানগর স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রইল মেট্রো। মঙ্গলবার অফিস টাইমে চরম ভোগান্তির শিকার হলেন নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ। কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে আশঙ্কা করা হচ্ছে সিগন্যালিংয়ের জেরে এই সমস্যা  হতে পারে বলে। পাশাপাশি মেট্রোর তরফে জানানো হয়েছে এই সমস্যার কারণও। 

 কলকাতা মেট্রো সুত্রে খবর, সোমবার রাতে পেট্রোলিং চলাকালীন মেট্রো কর্মীরা বরানগর এবং নোয়াপাড়ার মধ্যে বিভিন্ন জায়গায় দেখতে পান সিগন্যালিংয়ের কেবল কাটা রয়েছে। দ্রুত তা স্বাভাবিক করার চেষ্টা করা হয়। লাগানো হয় নতুন কেবলও। তবে মেট্রো তরফে জানানো হয় পরিস্থিতি এরপরও ঠিক না হওয়ায় ব্যবহার করা হচ্ছে ম্যানুয়াল সিগন্যাল। সেই কারণেই দক্ষিণেশ্বর এবং দমদমের মধ্যে ট্রেন চলাচলে বিলম্ব হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তার জেরেই সকাল থেকে বরানগর স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে পড়ছে মেট্রো। কিন্তু কীভাবে সিগন্যালিংয়ের কেবল কাটল তা এখনও স্পষ্ট করে জানানো হয়নি মেট্রোর তরফে।

উল্লেখ্য, সম্প্রতি ব্লু লাইন (দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম রুট) নিয়ে নিত্যযাত্রীদের ক্ষোভের শেষ নেই। মেট্রোর দরজা বন্ধ না হওয়া, কখনও দেরিতে মেট্রো স্টেশনে পৌঁছনো, দীর্ঘক্ষণ একাধিক স্টেশনে  দাঁড়িয়ে থাকার মতো নানা সমস্যায় নাজেহাল নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ। তাঁদের অভিযোগ,  তিন রুট উদ্বোধনের পর থেকে ব্লু লাইনে সমস্যার অন্ত নেই । পুজোর সময়  সেভাবে কোনও সমস্যায় যাত্রীদের না পড়তে হলেও, পুজোর পরও একই অবস্থার পুনরাবৃত্তিতে ক্ষুব্ধ আমজনতা যার কারণে এখন মেট্রো পরিষেবা নিয়ে  উঠছে প্রশ্ন।