Header AD

SIR আবহে ৬ ডিসেম্বর তৃণমূলের সংহতি দিবস, মেয়োরোডে সমাবেশ, নেতৃত্বে ছাত্রযুবরা

বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যজুড়ে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR-এর কাজ। এই আবহে রাজ্যে সম্প্রীতি ও সংহতি বজায় রাখা নিয়ে বাড়তি সতর্ক শাসকদল তৃণমূল। আগামী ৬ ডিসেম্বর তৃণমূলের সংহতি দিবস। এই দিনটিকে সামনে রেখে বৃহত্তর সমাবেশের আয়োজন করা হচ্ছে তৃণমূলের তরফে। এই সমাবেশের দায়িত্ব দেওয়া হয়েছে শাসক শিবরের ছাত্রযুবদের।

মঙ্গলবার এক ভিডিও বার্তায় দলের মুখপাত্র তথা অন্যতম রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার জানিয়েছেন, “প্রতি বছর ৬ ডিসেম্বর সংহতি দিবস পালিত হয়। বাবরি মসজিদ ধ্বংসের দিনটিতে জাতীয় ঐক্য, সম্প্রীতি দিবস হিসেবে পালন করা হয় প্রতি বছর। এবারও সেটাই হবে। আমাদের ছাত্র, যুব সংগঠন, সংখ্যালঘু সংগঠন মিলে তার আয়োজন করছে। সকলে আমরা ওই অনুষ্ঠানে অংশ নেব।”

প্রসঙ্গত, এই মুহূর্তে রাজ্যে এসআইআরের কাজ চলছে। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। SIR-এর কারণে অনেকেই ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার আশঙ্কা করছেন। আর এই আবহে যাতে এরাজ্যে কোনও উসকানি, সাম্প্রদায়িক অশান্তির বাতাবরণ তৈরি হতে না পারে, তার মোকাবিলায় শক্ত হাতে নামছে শাসক শিবির। ৬ ডিসেম্বরকে কেন্দ্র করে সেই সংহতিই আরও জোরদার করাই লক্ষ্য তৃণমূলের।