Header AD
Trending

মগরাহাটে হেডফোন কিনতে গিয়ে নিঁখোজ যুবকের দেহ মিলল পানাপুকুরে, আটক ৩

রাস্তা তৈরির কাজে বাঁকুড়া থেকে এসে নিখোঁজ যুবক। তিনদিন পর মৃতদেহ মিলল পুকুর থেকে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার রাতে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে। মৃত যুবকের নাম দীপক ভুঁইয়া। এই ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

সূত্রের খবর, বিভিন্ন এলাকা থেকে শ্রমিকরা মগরাহাটের উড়েলচাঁদপুর এলাকায় রাস্তা তৈরির কাজ করতে গিয়েছিলেন। বাঁকুড়া থেকে কাকার সঙ্গে কাজে এসেছিলেন দীপক। ওই এলাকারই একটি বাড়িতে থাকতেন তিনি। তিনদিন আগে দীপক হেডফোন কেনার জন্য রূপচাঁদ মুদি, রাজু মুদি ও বাপন মুদি নামে তিন সঙ্গীর সঙ্গে বেরিয়েছিলেন। তবে ওই তিনজন বাড়ি ফিরে এলেও দীপক আর ফেরেননি।এমনকি দীপকের কোনও খোঁজ দিতে পারেননি তাঁর সঙ্গী ওই তিন যুবক।

বুধবার সকালে ঘোষপাড়া এলাকায় একটি পানাপুকুরে ভাসতে দেখা যায় দীপকের মৃতদেহ । মগরাহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। মৃতের কাকা পশুপতি ভুঁইয়ার কথায়, “তিনজনের সঙ্গে মোবাইলের হেডফোন কিনতে বেরিয়ে ভাইপো আর ফেরেনি। যে তিনজনের সঙ্গে বেরিয়েছিল তারাই ফোন করে জানায় দীপককে পাওয়া যাচ্ছে না। এদিন সকালে পানাপুকুর থেকে ভাইপোর দেহ উদ্ধার হয়। বাড়িতে খবর পাঠিয়েছি।” ইতিমধ্যেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে কিভাবে নিখোঁজ হলেন ওই যুবক? যুবককে কি খুন করা হয়েছে?ঘটনাকে ঘিরে উঠছে একাধিক প্রশ্ন।