বুধবার রাতে খাস কলকাতায় ফের শুটআউট! গুলিবিদ্ধ যুবক। তাঁর হাতের তালুতে গুলি লেগেছে। ঘটনাটি ঘটেছে কাউন্সিলর সুশান্ত ঘোষের বাড়ির থেকে কয়েকশো মিটার দূরে কসবা থানার অন্তর্গত খাল পাড়ের ফাঁকা একটি জায়গায় । ঘটনায় যুক্ত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র সহ কার্তুজের খোল, খাবারের প্যাকেট, মদের বোতল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত যুবকের নাম অভিজিৎ নাইয়া। তিনি খাল পাড়ের প্রান্তিকপল্লির বাসিন্দা। প্রাথমিক অবস্থায় অভিজিৎ অভিযোগ করেন, বুধবার রাত আনুমানিক সাড়ে ১১টা নাগাদ তাঁর বাড়ির কাছে দুই দুষ্কৃতী বাইক করে আসে। তাদের মুখ মাস্ক ও মাথায় হেলমেট ছিল। দুই দুষ্কৃতী বন্দুক বার করে অভিজিতের দিকে তাক করে। তাদের মধ্যে নাকি ধস্তাধস্তি বাঁধে। সেই সময় গুলি চালানো হয়। যুবকের বাঁ হাতের তালুতে গুলি লাগে। তারপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুই অভিযুক্ত। আহতকে নিয়ে যাওয়া হয় বাইপাস সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে। চিকিৎসা শুরু করে পুলিশে খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে বিষয়টি জানার পর তদন্ত শুরু করে কসবা থানার পুলিশ। ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার করেন তদন্তকারীরা।
এরপরই আহত অভিজিতের বয়ানে অসঙ্গতি পান তদন্তকারীরা। পুলিশ ফের জিজ্ঞাসাবাদ শুরু করে তাঁকে। তারপরই অভিজিৎ জানান, তাঁর দুই বন্ধুর কাছে একটি ৯ মিমি পিস্তল ছিল। বুধবার রাতে তাঁরা বন্দুকটি নাড়াচাড়া করছিল। সেই সময় বন্দুক থেকে গুলি ছুটে তাঁর হাতে লাগে। তদন্তে অভিজিৎ সর্দার ওরফে বাবাই নামে একজনকে আটক করেছে পুলিশ। বন্দুকটিও বাজেয়াপ্ত করা হয়েছে।
প্রসঙ্গত, বছর খানেক আগে কসবার কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য় করে গুলি চালায় দুষ্কৃতিরা। তবে তিনি সেসময় রক্ষা পেয়ে যান। ফের তাঁর বাড়ির এলাকা থেকে কয়েকশো মিটার দূরে গুলি চলায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। অভিজিৎরা বন্দুক কোথায় পেলেন তা নিয়েও উঠছে প্রশ্ন। তদন্তকারীরা সব দিক খতিয়ে দেখছেন ।





