আগামী বছরের শুরুতেই গঙ্গাসাগর মেলা। সেই মেলাকে কেন্দ্র করে প্রশাসনিক স্তরের প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার নবান্নে উচ্চপর্যায়ের বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখ্যসচিব সহ একাধিক দফতরের মন্ত্রী ও আধিকারিকেরা উপস্থিত থাকবেন। আগামী জানুয়ারি নির্ধারিত মেলা নির্বিঘ্নে ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে ইতিমধ্যেই সরকারের বিভিন্ন দপ্তর প্রস্তুতি শুরু করেছে। সূত্রের খবর এদিনের বৈঠকে সেই কাজের অগ্রগতিই খতিয়ে দেখবেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
উল্লেখ্য, প্রতি বছর ডিসেম্বরের শেষ বা জানুয়ারির শুরুতে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি পর্যালোচনায় বৈঠকে বসেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এ বছর সেই বৈঠকের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রশাসনিক মহলের অনুমান, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এদিনই গঙ্গাসাগর সেতুর নির্মাণকাজ শুরুর তারিখ ঘোষণা হতে পারে। তার আগে অর্থদপ্তরের প্রয়োজনীয় ছাড়পত্রও চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। সূত্রের খবর, প্রস্তাবিত সেতুটি হবে চার কিলোমিটার দীর্ঘ যা দাঁড়াবে ২১টি পিলারের উপর। এর মধ্যে ১৯টি তৈরি হবে মুড়িগঙ্গার বুকে। ইঞ্জিনিয়ারিং মহলের মতে, এশিয়ায় এই সেতুর স্থাপত্য এক অনন্য নজির তৈরি করবে।
সেতু নির্মাণ সম্পন্ন হলে সাগরদ্বীপে পৌঁছতে আর স্টিমার বা ভেসেলের উপর নির্ভর করতে হবে না সাধারণ মানুষকে। সরাসরি সড়ক সংযোগ তৈরি হলে গাড়ি নিয়েই পৌঁছানো যাবে দ্বীপে। নির্মাণ শেষ হতে অন্তত চার বছর সময় লাগবে বলে জানা গিয়েছে।





