Header AD
Trending

২ কোটির বেশি আধার নম্বর বাতিল করল UIDAI! কাদের কার্ড বাদ গেল?

দেশে এখনও সক্রিয় বহু অস্তিত্বহীন ব্যক্তির আধার কার্ড। যার কারণে বিভিন্ন পরিষেবা গ্রহণের  ক্ষেত্রে নানান সমস্যার সম্মুখীন হচ্ছে বহু মানুষ। এবার সেই সমস্যা থেকে নিস্তার পেতে বড়সড় পদক্ষেপ গ্রহণ করল UIDAI। এক লহমায় বাতিল করে দেওয়া হল প্রায় ২ কোটির বেশি আধার কার্ড। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, সরকারের হাতে মজুত তথ্যে স্বচ্ছতা আনার কারণেই ২ কোটির বেশি আধার নম্বর নিষ্ক্রিয় করা হয়েছে।

তবে কোনও জীবিত ব্যক্তির আধার বাতিল করা হয়নি। যে দু কোটির বেশি আধার নম্বর বাতিল করা হয়েছে, তাঁরা সকলেই মৃত। কেন্দ্রের রেজিস্ট্রার জেনারেল, রাজ্য সরকার এবং বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রক থেকে প্রাপ্ত তালিকার সঙ্গে মিলিয়ে মৃতদের ওই তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকা মিলিয়েই ২ কোটি আধার কার্ড বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এখন যে সব আধার সক্রিয় রয়েছে তাঁদের মধ্যে কাদের মৃত্যু হয়েছে এবং মৃত্যুর পরও কাদের আধার কার্ড এখনও চালু রয়েছে, সে সম্পর্কে নির্দিষ্ট তথ্য myAadhaar অ্যাপের মাধ্যমে UIDAI-কে জানানোর জন্য সাধারণ নাগরিকদের উৎসাহিত করা হচ্ছে। কারণ কোনও মৃত ব্যক্তির আধার সক্রিয় থাকলে তার অপব্যবহারের সম্ভাবনা থাকে।

প্রসঙ্গত,আধারকে নাগরিকত্বের প্রমাণপত্র হিসাবে গণ্য না করা হলেও প্রায় সমস্ত সরকারি পরিষেবাই পাওয়া যায় আধারের মাধ্যমে। এছাড়াও আধার ব্যবহারের মাধ্যমে অন্যান্য সরকারি নথির কাজও বেশ সহজ হয়। মৃত ব্যক্তিদের আধারের অপব্যবহার যাতে কেউ করতে না পারে, সেইজন্যই এই পদক্ষেপ করা হয়েছে।