Header AD
Trending

দূষণে জেরবার দিল্লি! সুপ্রিম কোর্টে ভার্চুয়াল মাধ্যমে শুনানি প্রক্রিয়া চালানোর আর্জি

দিল্লির দূষণ ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে। আর সেই দূষণের থেকে রেহাই পেল না দেশের শীর্ষ আদালতও। পরিস্থিতির জেরে ভার্চুয়াল মাধ্যমে আদালতের শুনানি প্রক্রিয়া চালানোর আবেদন উঠল। বুধবার এসআইআর সংক্রান্ত একটি মামলার শুনানি চলছিল সুপ্রিম কোর্টে। সেই সময় নিজের শ্বাসকষ্টের সমস্যার উল্লেখ করে আইনজীবী রাকেশ দ্বিবেদী প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চের উদ্দেশে রাজধানীর পরিস্থিতির কথা উল্লেখ করে আপাতত আদালতের শুনানি প্রক্রিয়া ভার্চুয়াল মাধ্যমে করার অনুরোধ করেন। আদালত কক্ষে উপস্থিত আর এক প্রবীণ বিচারপতি কপিল সিবালও রাকেশকে সমর্থন করেন।

দিল্লিতে ইদানীং যেমন দূষণ হচ্ছে, তা বয়স্কদের জন্য খুবই কষ্টকর। সেই কথাই আইনজীবী রাকেশ দ্বিবেদী তাঁর বক্তব্যে তুলে ধরেন। তাঁতে সহমত পোষণ করেন প্রধান বিচারপতি। নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে তিনি বলেন,  “নিয়ম মেনে রোজ সকালে অন্তত এক ঘণ্টা হাঁটি। মঙ্গলবার তা করতে গিয়ে অস্বস্তি হচ্ছিল।“ একইসঙ্গে  তিনি বিষয়টি ভেবে দেখার আশ্বাসও দেন। তবে  সিদ্ধান্ত বার অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করেই নেবেন বলেও স্পষ্ট করে দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, বায়ুদূষণের বাড়বাড়ন্ত দেখে গত বৃহস্পতিবার দিল্লি সরকার নভেম্বর–ডিসেম্বরে নির্ধারিত সব স্কুল-কলেজের মাঠের অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার নির্দেশ দেয়। একইসঙ্গে সমস্ত সরকারি এবং বেসরকারি অফিসে ৫০ শতাংশ কর্মীকে বাড়ি থেকে কাজের নির্দেশও দেওয়া হয়েছে।