প্রকাশ্য রাস্তায় তৃণমূলের পঞ্চায়েত প্রধানের উপর এলোপাথাড়ি গুলি! বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে হাওড়ার সাঁপুইপাড়া বসুকাঠি পঞ্চায়েত এলাকায়। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। এই ঘটনায় গুলিবিদ্ধ হয় পঞ্চায়েত প্রধানের আরও এক সঙ্গী। আশঙ্কাজনক অবস্থায় দুজনেই উত্তর হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। হাওড়া পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, “কীভাবে ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।” অন্যদিকে ঘটনার খবর পেয়েই রাতেই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন পঞ্চায়েত প্রধানকে দেখতে যান তৃণমূলের জেলা সদর সভাপতি গৌতম চৌধুরী।
উল্লেখ্য, গুলিবিদ্ধ ওই পঞ্চায়েত প্রধানের নাম দেবব্রত মণ্ডল ওরফে বাবু মণ্ডল। তিনি বেলুড়ে সাঁপুইপাড়া বসুকাঠি গ্রাম পঞ্চায়েতের প্রধান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ দেবব্রত মণ্ডল তাঁর এক সঙ্গীর সঙ্গে বাইকে করে ফিরছিলেন। সেই সময়েই ষষ্ঠী তলা মালিবাগানের সামনে তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। দুটি গুলি গিয়ে লাগে পঞ্চায়েত প্রধানের শরীরে-একটি বাঁ হাতের কনুইয়ের নিচে ও অন্যটি কোমরে। পঞ্চায়েত প্রধানের সঙ্গেই বাইকে ছিলেন অনুপম রানা নামে তাঁর এক সঙ্গী। তাঁর শরীরেও গুলি লাগে।
পরবর্তীতে স্থানীয় মানুষজনই প্রথমে তাঁদের বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কিন্তু পঞ্চায়েত প্রধানের শারীরিক অবস্থা ক্রমশ অবনতি হওয়ায় সেখান থেকে দ্রুত উত্তর হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি এসএসকেএম-এর ট্রমা কেয়ার ইউনিটে চিকিৎসাধীন। সেখানেই তাঁর অপারেশন হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।





