শিশুর ভিটামিন সিরাপে মিলল মাকড়সা জাতীয় পোকা । শিশুকে খাওয়ানোর আগেই আঁতকে উঠলেন মা-সহ পরিবারের সদস্যরা। ঘটনাটি ঘটেছে হুগলির তারকেশ্বরে । এই অভিযোগকে ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। আপাতত ওই ভিটামিন সিরাপটি বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে বলেই জানিয়েছেন তারকেশ্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক।
গত শুক্রবার মাসদুয়েকের সন্তানকে শিশুরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যান তার বাবা-মা অশোক ও পায়েল বসাক। চিকিৎসক ভিটামিন ডি থ্রি-র একটি সিরাপ খাওয়াতে বলেন। স্থানীয় ওষুধের দোকান থেকে ওষুধ কেনেন খুদের বাবা মা। ওষুধ খাওয়াতে গিয়ে চোখে পড়ে সিল করা শিশির ভিতর মাকড়সার মতো কোনও পোকা ভাসছে। তবে খুদেকে ওষুধ খাওয়ানোর আগে পোকাটি নজরে আসায় বড় ধরণের বিপদ এড়ানো গিয়েছে।
শিশুর বাবা, মা সংশ্লিষ্ট দোকানে গিয়ে সমস্ত বিষয়টি জানান। এরপর তাঁরা তারকেশ্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক শেখ হানিফের দ্বারস্থ হন। তিনি বলেন, ওই ভিটামিন ওষুধটি আপাতত বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগের শীর্ষ আধিকারিকদের কাছে এই ওষুধটির নমুনা পাঠানো হবে। জেলা স্বাস্থ্যদপ্তর পরবর্তীকালে নিশ্চয়ই ব্যবস্থা নেবে। পুরো বিষয়টি ডিস্ট্রিবিউটরকে জানানো হয়েছে বলেই দাবি দোকানের কর্ণধারের। কীভাবে এমন ঘটনা ঘটল তাও তদন্ত করে দেখা হবে বলে জানা গিয়েছে।





