Header AD

বিজেপি শাসিত ওড়িশায় পরীক্ষাকেন্দ্র নেই! রানওয়েতে বসেই পরীক্ষা দিলেন ৮ হাজার চাকরিপ্রার্থী

বিজেপি’র ডবল ইঞ্জিন সরকার পরিচালিত ওড়িশা মাত্র ৮ হাজার পরীক্ষার্থীর জন্য পরীক্ষাকেন্দ্র জোগাড় করতে অক্ষম! ১৮৭টি চুক্তিভিত্তিক পোস্টের জন্য পরীক্ষা ছিল রাজ্যে। চাকরিপ্রার্থীর সংখ্যা প্রায় ৮ হাজার। আর এদের জন্য কোনও পরীক্ষাকেন্দ্র জোগাড় করতে পারল না মোহন মাঝির সরকার। হোমগার্ডের পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীরা অবশেষে রানওয়েতে বসে পরীক্ষা দিলেন। গত ১৬ ডিসেম্বর বিমানঘাঁটিতে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর, ওড়িশার কর্মসংস্থান নিয়ে বিজেপি সরকারের সমালোচনায় সরব তৃণমূল কংগ্রেস।

হোম গার্ড পদে নিয়োগের জন্যে শিক্ষাগত যোগ্যতা ছিল পঞ্চম শ্রেণি। তবে এই পরীক্ষার জন্যে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীরাও অংশ নেন। ওড়িশার হোম গার্ডরা দৈনিক ৬৩৯ টাকা ভাতা পান বলে একজন কর্মকর্তা জানিয়েছেন। চাকরিপ্রার্থীদের রানওয়েতে বসে পরীক্ষা দেওয়ার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তৃণমূল লিখেছে, এটা কোনও সিনেমার দৃশ্য নয়। এটা বিজেপি-শাসিত ওড়িশার বাস্তব চিত্র। এমবিএ ও এমসিএ পাশ করা তরুণ-তরুণীসহ ৮ হাজার জনেরও বেশি চাকরিপ্রার্থী মাত্র ১৮৭টি হোম গার্ড পদের জন্য লাইনে দাঁড়িয়ে। এটাই তথাকথিত ডবল ইঞ্জিন শাসনের নির্মম বাস্তবতা। বিজেপি শাসিত ওড়িশায় সাধারণ মানুষের চাকরির পরিস্থিতি কী  তা নিয়ে বিজেপির প্রশাসন কতটা উদাসীন তা প্রমাণিত এই ঘটনায়। একটি নিয়োগের পরীক্ষা নিতে ঠিক কিরকম পরিকাঠামো দরকার, তা নিয়ে বিন্দুমাত্র প্রস্তুতি ছিল না মোহন মাঝি প্রশাসনের। ফলে কোনও স্কুলে পরীক্ষা কেন্দ্র করা যায়নি। শেষ পর্যন্ত রানওয়েকে পরীক্ষাকেন্দ্র হিসাবে বেছে নেওয়া হয়।