Header AD

শীতলতম বড়দিন! বঙ্গে ঝোড়ো ব্যাটিং শীতের

প্রায় এক দশক পর বঙ্গে শীতলতম বড়দিন! সঙ্গে দক্ষিণবঙ্গে এই মরশুমের শীতলতম দিনও বটে। চলতি শীতের মরশুমে প্রথমবার কলকাতার তাপমাত্রা নামল ১৩ ডিগ্রির ঘরে। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা এক অঙ্কের ঘরে পৌঁছে গিয়েছে। উৎসবের দিনে জাঁকিয়ে শীতের আমেজ দক্ষিণবঙ্গজুড়ে। উত্তরবঙ্গে ভরপুর শীত।দার্জিলিং-এর তাপমাত্রা নেমেছে ৩ ডিগ্রিতে।

বৃহস্পতিবার সকালে হালকা কুয়াশার ঝলক মিলেছে।সঙ্গে ছিল কনকনে হিমেল হাওয়া। বেলা বাড়তেই হাড় কাঁপানো ঠান্ডা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।গত এক দশকে বড়দিনে দ্বিতীয়বার কলকাতার তাপমাত্রা ১৩ ডিগ্রিতে নামল। যদিও হাওয়া অফিস জানিয়েছে একটানা এই ঠান্ডার অনুভূতি থাকবে না। শনিবার থেকে ফের ঊর্ধ্বমুখী হবে পারদ। এদিন উত্তরবঙ্গের পার্বত্য এলাকা, ডুয়ার্স, পশ্চিমের জেলা এবং উপকূলীয় জেলাগুলিতে কুয়াশা জেরে দৃশ্যমানতা অনেকটাই কমেছে। তবে দিনভর শীতের কনকনে ভাব বজায় রয়েছে সর্বত্র। ফলে বড়দিনে উত্তর থেকে দক্ষিণে ভরপুর শীতের আমেজ।