Header AD

তপসিয়ায় সোফা তৈরির কারখানায় বিধ্বংসী আগুন! ঘটনাস্থলে দমকলের ১১টি ইঞ্জিন

কলকাতায় ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড। পর পর তিনদিন। বুধ, বৃহস্পতির পরে এবার শুক্রবারও। বিবি গাঙ্গুলি স্ট্রিট, বড়বাজারের পর এ বার ঘটনাস্থল তপসিয়া। শুক্রবার ভরদুপুরে তপসিয়ার (Topsia) একটি সোফা তৈরির কারখানায় আগুন লাগে। দাহ্য বস্তু মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা বহুদূর থেকে দেখা যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে দফায় দফায় দমকলের মোট ১১টি ইঞ্জিন পৌঁছয়। ঘিঞ্জি এলাকা হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাঁচিল ভেঙে দমকলকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন।

স্থানীয় সূত্রে খবর, দুপুরে শ্রমিকরা কারখানার ভিতরে কাজ করছিলেন। সেই সময় হঠাৎ কারখানাটিতে আগুন লাগে। ফোম, রেক্সিন, কাঠ, আঠার মতো প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন মুহূর্তেই ভয়াবহ আকার ধারণ করে। ঘিঞ্জি জায়গায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। গলগল করে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। প্রাথমিক অবস্থায় স্থানীয়রাই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু তা সম্ভব হয়নি। এরপর দুপুর ৩টে ১০ নাগাদ খবর দেওয়া হয় দমকলে। এলাকাটি বেশ ঘিঞ্জি হওয়ায় দমকল কর্মীদের আগুন নেভাতে বেগ পেতে হয়।

দমকলের ১১টি ইঞ্জিন দ্রুত আগুন নেভানোর কাজ করে। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, শর্টসার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত। দমকলকর্মীরা জানিয়েছেন, আগুনের উৎসস্থলে পৌঁছাতে তাঁদের যথেষ্ট বেগ পেতে হয়। আগুন লাগার সঙ্গে সঙ্গেই শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে আসেন। যথা সম্ভব আসবাব বাইরে বার করে আনা হয়। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর বলে আশঙ্কা।