Header AD

‘মা কালী আর মা কামাখ্যার ভূমিকে জুড়ল এই বন্দে ভারত স্লিপার’, মালদহে উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী  

মালদহে বন্দে দেশের প্রথম স্লিপার ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার মালদহ টাউন স্টেশন থেকে ট্রেনটির উদ্বোধন করেন তিনি। ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, ‘‘অদ্ভুত আনন্দ হয়েছে। আগে ছবিতে বিদেশের ট্রেন দেখে বলতাম, এমন ট্রেন যদি ভারতে হত। এখন ভারতে তা বাস্তবায়িত হচ্ছে। এখন বিদেশিরা ভারতের ট্রেনের ভিডিয়ো তৈরি করে সকলে পোস্ট করেন। ’’ মোদির সঙ্গে ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, রাজ্যপাল সিভি আনন্দ বোস, সাংসদ ঈশা খান চৌধুরী। শনিবার দুপুরে প্রথমে তিনি নিজে ট্রেন সফর করেন, সঙ্গী ছিল কচিকাঁচারা। এরপর মালদহ স্টেশন থেকে পতাকা উড়িয়ে সাজানো হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেনটির সূচনা করেন প্রধানমন্ত্রী।

বাংলার বিধানসভা নির্বাচনের আবহে প্রধানমন্ত্রীর এই বঙ্গ সফর নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। প্রশাসনিক কর্মসূচির পাশাপাশি বেশ কয়েকটি রাজনৈতিক সভার কথাও রয়েছে। এই সফর শুরু হয় মালদহ দিয়ে। শনিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী গেলেন মালদা টাউন রেলওয়ে স্টেশনে। সেখান থেকে ৩ হাজার ২৫০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন তিনি। তবে এই উদ্বোধন মঞ্চে খুব বেশি বক্তৃতা দেননি তিনি। দেশের ট্রেন পরিষেবা অনেক উন্নত হয়েছে দাবি করে প্রধানমন্ত্রীর দাবি, “আমেরিকা, ইউরোপ থেকে বেশি লোকোমোটিভ বানানো হচ্ছে দেশে। ভারতীয় রেল অনেক এগিয়ে, আত্মনির্ভরও বটে। এই বন্দে ভারত দেশে তৈরি। দেশের মানুষের শ্রম রয়েছে। মা কালী আর মা কামাখ্যার ভূমিকে জুড়ছে এই বন্দে ভারত। দেশের প্রথম স্লিপার বন্দে ভারত এটি। আগামী দিনে আরও বিস্তার হবে। মালদহ দিয়ে শুরু হল।’’ বাংলার যুবকদের জন্য সুযোগ বাড়বে বলেও মন্তব্য করেন তিনি। এরপর রওয়ানা দেন রাজনৈতিক সভার উদ্দেশে।