Header AD

তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করে মালদহের সভা থেকে বিকশিত ভারত গড়ার ডাক প্রধানমন্ত্রীর

আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের শাসক দলকে উৎখাত করে বিজেপির সরকার গড়তে হবে। মালদহের জনসভা থেকে এভাবেই তৃণমূল কংগ্রেসকে সরিয়ে বাংলায় বিজেপি সরকার গড়ার ডাক দিলেন নরেন্দ্র মোদি। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার উদ্বোধনে শনিবার দুদিনের বঙ্গ সফরে মালদহে এসেছিলেন প্রধানমন্ত্রী। সেখান থেকে হাওড়া-কামাখ্যা ট্রেনের সূচনা করে পরবর্তীতে রাজনৈতিক  সভায় বক্তব্য রাখেন তিনি। সেখান থেকেই গঙ্গা ভাঙন থেকে অনুপ্রবেশ হয়ে সাম্প্রতিক বেলডাঙা কাণ্ড- একের পর এক ইস্যুতে রাজ্যের শাসক দলকে নিশানা করেন মোদি। প্রধানমন্ত্রী বলেন, “তৃণমূল বাংলার শত্রু। গঙ্গা ফুলহার ভাঙ্গনে বহু মানুষ ঘর-হারা। তৃণমূল নদী ভাঙ্গন মেরামত করে না। গরিব্দের টাকা লুট করছে তৃণমূল সরকার। অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দিচ্ছে। মালদহ মুর্শিদাবাদে অনুপ্রবেশকারীরা দাঙ্গা বাধানোর চেষ্টা করছে। বেলডাঙায় মহিলা সাংবাদিকের উপর হামলা করা হয়েছে। বিজেপি খমতায় এলে এসব বন্ধ হবে। বিকশিত ভারত গড়ে উঠবে।“  

‘ভারত মাতার জয়’ বলে শনিবার বক্তৃতা শুরু করেন মোদি। মঞ্চ থেকে দূরে বাঁশের পরিকাঠামোর উপরে দাঁড়িয়েছিলেন যারা, তাঁদেরকেও  নেমে আসার অনুরোধ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন,  বাংলা আমায় অনেক ভালবাসা দিয়েছে। বাংলার সুন্দর ভবিষ্যতের জন্য আসল পরিবর্তনের বিশ্বাস দেখছি। দেশ আজ দীক্ষিত ভারত হওয়ার লক্ষ্যে। কিছু ক্ষণ আগে বাংলার বিকাশের সঙ্গে জড়িত বেশ কিছু প্রকল্প উদ্বোধন করেছি। বাংলা আধ ডজন নতুন ট্রেন পেয়েছে। তার মধ্যে একটা বন্দে ভারত স্লিপার ট্রেন। মেড ইন ইন্ডিয়া। সকলের জন্য আনন্দের যে, প্রথম স্লিপার বন্দে ভারত শুরু হচ্ছে বাংলা থেকেই। একটা স্টেশন মালদহও। বন্দে ভারতের সঙ্গে চারটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন পাচ্ছে বাংলা। এর ফলে উত্তরবঙ্গে যাতায়াত উন্নত হবে। পর্যটকের আনাগোনা বাড়বে।“ 

বিভিন্ন খাতে রাজ্যের প্রাপ্য টাকা কেন্দ্র আটকে রেখেছে বলে বারবার অভিযোগ করে তৃণমূল কংগ্রেস। এদিন এই প্রসঙ্গে একদম উল্টো সুর প্রধানমন্ত্রীর গলায়। তৃণমূলকেই কাঠগড়ায় দাঁড় করিয়ে তাঁর অভিযোগ, “গরিবদের জন্য টাকা দেয় কেন্দ্র। তৃণমূল মানুষকে বঞ্চিত করছে। কেন্দ্রের টাকা তৃণমূল খাচ্ছে। সঠিক ব্যক্তির কাছে টাকা পৌছায় না। কেন্দ্রীয় সরকার গরিবদের জন্য যে টাকা দেয়, তা তৃণমূলের লোকজন লুটে নেয়। তৃণমূলের লোক বাংলার গরিবদের শত্রু। ওরা আপনাদের কষ্ট নিয়ে চিন্তা করে না। নিজেদের সিন্দুক ভরে।“  বিজেপি এলেই বন্ধ হবে টিএমসি’র এই কালো কারবার বলেও আশ্বাস দেন তিনি।

বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় এলে অনুপ্রবেশের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে বার্তা দেন প্রধানমন্ত্রী। তাঁর অভিযোগ, “বাংলাদেশ থেকে বাংলায় অনুপ্রবেশের ক্ষেত্রে তৃণমূল সরকার কোনও পদক্ষেপ করছে না। অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দিচ্ছে টিএমসি। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তাঁদের দেশ থেকে বের করা দরকার।“ পাশাপাশি মতুয়া সম্প্রদায়কে আশ্বস্ত করে বলেন, “মোদীর গ্যারান্টি, মতুয়া, যাঁরা প্রতিবেশী দেশে ধর্মের কারণে হিংসার শিকার হয়ে এখানে এসেছেন, তাঁরা ভয় পাবেন না। মোদী সিএএ-র মাধ্যমে শরণার্থীদের সুরক্ষা দিয়েছে। এখানে যে বিজেপি সরকার হবে, তারা মতুয়া, নমঃশূদ্র শরণার্থীদের বিকাশের কাজে গতি আনবে।“  

বাংলায় আয়ুষ্মান ভারত প্রকল্প চালু না হওয়া নিয়েও এদিন রাজ্য সরকারকে নিশানা করেন তিনি। মোদির কথায়, “  আমি চাই, বাকি দেশের মতো বাংলার গরিব মানুষজনও ৫ লক্ষ টাকার মুক্ত চিকিৎসা পান। আয়ুষ্মান ভারত চালু হোক। তৃণমূল সরকার নির্দয়। নির্মম।  কিন্তু আজ বাংলা দেশের একমাত্র রাজ্য, যেখানে ৫ লক্ষ টাকার যোজনা, আয়ুষ্মান যোজনা চালু হতে দেয়নি।’’ পূর্ব ভারতের বিকাশ খুব জরুরি বলে প্রধানমন্ত্রীর দাবি, “বাংলার চার দিকে বিজেপির সুশাসনের সরকার রয়েছে। এখন বাংলায় সুশাসনের সময় এসেছে। তাই আমি বিহারে জয়ের পর বলেছিলাম, মা গঙ্গার আশীর্বাদে বাংলায় বিকাশের গঙ্গা বইবে। বাংলার দ্রুত বিকাশ কেন্দ্রীয় সরকারের প্রাথমিক লক্ষ্য। আপনাদের ভোটে বাংলায় বিজেপি আসবে, প্রতি কোণায় পদ্ম ফুটবে। দেশের মতো বাংলাও বিকশিত হবে।“