Header AD

‘প্ররোচনায় পা দেবেন না’, মুর্শিদাবাদের পরিযায়ীদের জন্য হেল্পলাইন চালু করে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ঝাড়খণ্ডে কাজে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হয়েছে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার থেকে উত্তাল বেলডাঙা। শনিবার মুর্শিদাবাদের আরও এক পরিযায়ী শ্রমিক বিহারে হেনস্তার শিকার হন । এদিন ফের উত্তপ্ত হয়ে ওঠে বেলডাঙা। এই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি। এই পরিস্থিতিতে মুর্শিদাবাদের বহরমপুরের সভা থেকে পরিযায়ী শ্রমিকদের জন্য হেল্পলাইন নম্বর দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (ABhishek Banerjee)। তাঁর পরামর্শ, পরিযায়ী শ্রমিকেরা সমস্যায় পড়লেই যেন সেই হেল্পলাইন নম্বরে ফোন করেন। পাশাপাশি বেলডাঙার ঘটনায় বিজেপির প্ররোচনার অভিযোগ তুলে সরব হয়েছেন তৃণমূল সাংসদ। এলাকার মানুষের কাছে তাঁর আবেদন, “কোনওরকম উস্কানিতে পা দেবেন না, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখুন।”

উল্লেখ্য গত বছরের মাঝামাঝি সময় থেকেই ভিনরাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিদের উপর হেনস্তার অভিযোগকে কেন্দ্র করে তোলপাড় বঙ্গরাজনীতি। ‘বাঙালি বিদ্বেষের’ কারণে বা শুধু মাত্র বাংলা ভাষায় কথা বলার অপরাধে অনেককে শ্রমিককে খুন পর্যন্ত হতে হয়েছে বলেও অভিযোগ। সেই তালিকাতেই সংযোজন হল মুর্শিদাবাদের বেলডাঙার আলাউদ্দিন। এই পরিস্থিতিতে শনিবার বহরমপুরের সভা থেকে জেলার পরিযায়ী শ্রমিকদের উদ্দেশে বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। তাঁদের জন্য দুইটি হেল্পলাইন নম্বরও দিয়েছেন। তা হল, ৭৪৩০০০০০৩০ এবং ৯১৪৭৮৮৮৩৮। অভিষেকই জানান, এই দুটি নম্বর জেলা প্রশাসনের। পরিযায়ী শ্রমিকদের সমস্যার কথা শুনে জেলা প্রশাসনই যা পদক্ষেপ করার করবে। শনিবারের সভা থেকে অভিষেক জানান, দলের নেতা-বিধায়ক-সাংসদরা আলাউদ্দিনের বাড়িও যাবেন। পরিবারকে সব রকম ভাবে সাহায্যের আশ্বাস দেবেন। এ-ও জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মৃতের পরিবারকে ইতিমধ্যেই ২ লাখ টাকার আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছে। পাশাপাশি পরিবারের একজনকে চাকরি দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে।

এরপরই এই ঘটনায় প্ররোচনার অভিযোগ তুলে ক্ষোভ উগরে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বলেন, বেলডাঙার ঘটনায় ইন্ধন দিচ্ছেন বিজেপির বাবুরা। আর একজন নতুন গদ্দার তৈরি হয়েছে। প্রত্যক্ষভাবে তাদের মদত ও ইন্ধন রয়েছে। যারা বিভাজনের রাজনীতি করছে গণতান্ত্রিক ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।” মুর্শিদাবাদের মানুষের উদ্দেশ্যে তাঁর বার্তা, সমস্ত বিভেদ-বিভাজনের বিরুদ্ধে মুর্শিদাবাদের মানুষকে এক হতে হবে। বেলডাঙার মতো কোনও প্ররোচনায় পা দেবেন না। আমাদের সংযত থাকতে হবে। আমি প্রশাসনকে জানিয়েছি, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। গদ্দারের প্রকৃত সরূপ অচিরেই সামনে আসবে। আইন হাতে তুলে নেবেন না। আপনারা আইন হাতে তুলে নিলে লাভ বিজেপির। “

উল্লেখ্য এদিনের সভা থেকে মুর্শিদাবাদের নদী ভাঙন নিয়েও সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করে বলেন ,ফারাক্কায় নদী ভাঙনে অনেক মানুষ গৃহহীন হয়েছে। কেন্দ্র ফারাক্কায় ড্রজিং করে না। গৃহহীন মানুষদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি দিয়েছে।

এদিনের সভা থেকে কেন্দ্রের অপরিকল্পিত SIRএর বিরুদ্ধেও সুর চড়ান অভিষেক। নির্বাচন কমিশনকে ‘নির্যাতন কমিশন’ বলে তোপ দেগে তাঁর হুঙ্কার বাংলা বশ্যতা স্বীকার করতে জানে না, আমরা মাথানত করব না।” সাধারণ মানুষকে আশ্বস্ত করে বলেন, “SIR নিয়ে অযথা চিন্তা করবেন না। কোনও সমস্যা হলে তৃণমূলের ক্যাম্পে গিয়ে যোগাযোগ করবেন। এই দেশে আমাদের যতটা অধিকার, আপনাদেরও ততটাই অধিকার।” পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদে ২২-০ করার টার্গেটও বেঁধে দেন তৃণমূল সাংসদ।

উল্লেখ্য শনিবার বহরমপুরে রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখানে প্রচুর সমর্থকরা ভিড় জমান। রোড শো শেষে সভা চলাকালীন সামনে দাঁড়িয়ে থাকা এক সমর্থক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। মনে করা হচ্ছে, সুগার কমে গিয়ে তাঁর শরীর খারাপ হয়ে যায়। উপস্থিত কর্মীরা তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেন। এই পুরো ঘটনা চোখ এড়ায়নি অভিষেকের। সঙ্গে সঙ্গে বক্তব্য থামিয়ে তিনি অ্যাম্বুল্যান্স ডেকে তাঁকে হাসপাতালে পাঠান। তিনি বলেন, “উনি সুস্থ হয়ে যাবেন। চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছে, অসুবিধার কিছু নেই।”