পুরীতে হোটেল বুক করতে গিয়ে বড়সড় প্রতারণার শিকার হলেন কলকাতার একাধিক পর্যটক। অভিযোগ, মহারাষ্ট্রে বসে ভুয়ো হোটেল বুকিং ওয়েবসাইট চালু করে প্রায় এক বছর ধরে গ্রাহকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারকচক্র। এই ঘটনায় মূল অভিযুক্তকে মহারাষ্ট্রের পুণে থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম হুজাইফা সাবির দরবার (৪১)। তিনি পুণের বাসিন্দা। সোমবার ভোররাতে তাঁর অফিসে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তল্লাশিতে একটি মোবাইল ফোন, ল্যাপটপ ও পেন ড্রাইভ উদ্ধার করেছে পুলিশ। এই প্রতারণায় সেগুলি ব্যবহার করা হয়েছিল বলে পুলিশের অনুমান।
ঘটনার সূত্রপাত ২০২৫ সালের মে মাসে। দক্ষিণ কলকাতার হরিদেবপুরের বাসিন্দা দেবজ্যোতি মল্লিক পুরীতে হোটেল বুক করার জন্য অনলাইনে ‘পুরীহোটেলকলকাতাবুকিংগো’ নামে একটি ওয়েবসাইটে ঢোকেন। সেখান থেকেই শুরু বিপত্তি। বুকিংয়ের সময় নিজেকে অনুজকুমার সোলাঙ্কি পরিচয় দিয়ে এক ব্যক্তি দেবজ্যোতিকে ফোন করেন এবং প্রথমে মাত্র ১ টাকা একটি নির্দিষ্ট অ্যাকাউন্টে পাঠাতে বলেন। এর পর ইউপিআই লেনদেনে সমস্যার কথা বলে আরও টাকা পাঠানোর জন্য চাপ দেওয়া হয়। আশিস জেনা নামে এক ব্যক্তির অ্যাকাউন্টে সাড়ে চার হাজার টাকা পাঠান দেবজ্যোতি। কিন্তু পুরো টাকা মিটিয়েও হোটেল বুকিং নিশ্চিত হয়নি। পরে ওই নম্বরগুলিতে বারবার ফোন করেও কোনও উত্তর পাওয়া যায়নি।
এর পরেই দেবজ্যোতি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তথ্যপ্রযুক্তি আইন ও ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অজ্ঞাতপরিচয় ব্যাক্তির বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে উঠে আসে, শুধু এক জন নন—দেশের বিভিন্ন নামী হোটেলের নামে ভুয়ো ওয়েবসাইট বানিয়ে অন্তত ৩০ জন গ্রাহকের কাছ থেকে মোট ১৩ লক্ষ ৬০ হাজার ৮০৩ টাকা আত্মসাৎ করেছে প্রতারকেরা।
ব্যবহৃত মোবাইল নম্বর ও ডিজিটাল লেনদেনের সূত্র ধরে অভিযুক্তের অবস্থান শনাক্ত করেন তদন্তকারীরা। শেষ পর্যন্ত সোমবার গভীর রাতে পুণে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ মনে করছে, এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারে। ঘটনার তদন্ত চলছে।





