Header AD

স্ত্রী ও দুই কন্যাকে খুন করে আত্মঘাতী যুবক! মুর্শিদাবাদে এক পরিবারের সকলের মৃত্যু ঘিরে রহস্য

Death News

একই পরিবারের চার সদস্যের মৃতদেহ উদ্ধার হল। দরজা ভেঙে নিথর দেহ উদ্ধার পুলিশের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার মুর্শিদাবাদের ভগবানগোলা থানার নিমতলা কুঠিবাড়ি বাগান এলাকায়। একটি ঘরে এক মহিলা এবং দুই নাবালিকার গলার নলি কাটা অবস্থায় রক্তাক্ত ভাবে পড়ে থাকতে দেখা যায়। ঠিক তার পাশের ঘরেই ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় এক যুবককে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং দরজা ভেঙ্গে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ।

স্থানীয় সূত্রে খবর, মৃত যুবকের নাম মানিক ব্যাপারি, বয়স ৪০ বছর। ওই যুবক ভগবানগোলার বাড়িটিতে সপরিবারে ভাড়ায় ছিলেন। পেশায় ফল ব্যবসায়ী মানিক আদতে নদিয়ার বাসিন্দা। বছর দশেক হল মুর্শিদাবাদের বাসিন্দা হন তাঁরা। স্বপনগড় মোড়ে মানিকের ফলের দোকান ছিল। মানিকেরা যে বাড়িতে ভাড়ায় থাকতেন সেখানেই বেলা পর্যন্ত তার সমস্ত জানলা-দরজা বন্ধ থাকায় প্রতিবেশিদের সন্দেহ হয়। তাঁরা ভগবানগোলা থানায় খবর দেন । ঘটনাক্রমে পুলিশ গিয়ে দরজা ভেঙে ভিতরে ঢোকে এবং দেখে মানিকের স্ত্রী ও দুই মেয়ের গলাকাটা দেহ পড়়ে রয়েছে একটি ঘরে। অন্য একটি ঘরে ঝুলছে মানিকের দেহ। ঘর থেকে একটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশের প্রাথমিক অনুমান, স্ত্রী এবং দুই সন্তানকে গলা কেটে খুন করে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন যুবক। এই ঘটনায় নেপথ্যের কারণ জানার জন্য তদন্ত করছে পুলিশ।

মুর্শিদাবাদ জেলা পুলিশের এক আধিকারিক বলেন, দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, পারিবারিক অশান্তি বা চরম হতাশা থেকে খুন এবং আত্মহত্যার ঘটনা ঘটেছে। তবে নেপথ্যে অন্য কোনও কারণ বা আর্থিক লেনদেন সংক্রান্ত বিবাদ রয়েছে কি না, তা প্রতিবেশিদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে। এমনকি মানিকের স্থায়ী ঠিকানায় অর্থাৎ নদিয়ার আদি বাড়িতে খবর পাঠানো হয়েছে।