Header AD
Trending

বনগাঁর অনুষ্ঠানে মিমিকে হেনস্তার অভিযোগে গ্রেপ্তার তনয় শাস্ত্রী

মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) হেনস্তার অভিযোগে বনগাঁর জ্যোতিষী শ্রী তনয় শাস্ত্রীকে গ্রেপ্তার করল পুলিশ। অনুষ্ঠান মঞ্চ থেকে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে নামিয়ে দেওয়া সহ হেনস্তার অভিযোগ উঠেছিল এই জ্যোতিষী তনয় শাস্ত্রীর বিরুদ্ধে। গত রবিবার মিমি বনগাঁয় একটি অনুষ্ঠান করতে যান। সেখানে তিনি দেরিতে পৌঁছানোয় অনুষ্ঠানের মাঝেই তাঁকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন অভিনেত্রী। জানা যায়, শ্রী তনয় শাস্ত্রী মিমিকে মঞ্চ থেকে নামতে বলেছিলেন এবং পরে বিষয়টি নিয়ে মিমি সরব হলে, তাঁকে হুঁশিয়ারি দিয়েছিলেন। গোটা ঘটনার প্রক্ষিতে বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেন মিমি। সেই অভিযোগের ভিত্তিতেই ঘটনার তিন দিন পর গ্রেপ্তার করা হল অভিযুক্তকে।

গত ২৫ জানুয়ারি বনগাঁ পৌরসভার নয়াগোপালগঞ্জ যুবক সংঘের সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন মিমি। কিন্তু দেরি করে পৌঁছনোয় মঞ্চ থেকে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে নামিয়ে দেওয়া হয়। এমনকি তাঁকে পারফর্ম করতে দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে। তখনই সরব হন মিমি চক্রবর্তী। বনগাঁ থানায় এই হেনস্তা নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। সেখানে নাম ওঠে ক্লাব সদস্য তথা জ্যোতিষী তনয় শাস্ত্রীর । জানা গিয়েছে ওই তনয় শাস্ত্রীর বিরুদ্ধ্বে বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেন অভিনেত্রী।

মিমির সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে তিনদিন পর, বৃহস্পতিবার দুপুরে তনয় শাস্ত্রীর বাড়ি থেকেই তাঁকে আটক করে বনগাঁ থানায় নিয়ে যায় পুলিশ। পরে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে গিয়ে যথেষ্ট বাধার মুখে পড়ে। তনয় শাস্ত্রীর বাড়ির সামনে মহিলারা জড়ো হয়ে পুলিশকে আটকানোর চেষ্টা করেন বলে অভিযোগ। রীতিমতো ঠেলাঠেলি করে বাড়িতে ঢুকে ওই জ্যোতিষীকে আটক করে বাইরে নিয়ে আসে পুলিশ। আর পুলিশের কাজে এভাবে বাধা দেওয়ার অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে বলে বনগাঁ পুলিশ সূত্রে খবর।