অবসরের ঠিক আগে রাজ্যের পুলিশবাহিনী ও তাঁদের পরিবারের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন বর্তমান ভারপ্রাপ্ত (অস্থায়ী) ডিজি রাজীব কুমার। আগামী ৩১ জানুয়ারি অবসর নেওয়ার কথা তাঁর। বৃহস্পতিবার আলিপুর বডিগার্ড লাইনে আয়োজিত ফেয়ারওয়েল প্যারেড অনুষ্ঠানে রাজ্য ও কলকাতা পুলিশের ভূয়সী প্রশংসা করেন তিনি। পুলিশের দায়িত্ব পালন করতে গিয়ে কি কি জিনিস মাথায় রাখতে হবে কার্যত তার একটা ‘গাইডলাইন’ এদিনের বক্তব্যে তুলে ধরলেন রাজীব।
পুলিশের দায়িত্ব ও সমাজের প্রত্যাশা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে রাজীব কুমার বলেন, পুলিশের প্রথম এবং প্রধান গুণ হল সৎসাহস। তাঁর কথায়, বহু সময় পুলিশকে কঠিন ও চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখোমুখি হতে হয়। সেই সময়ে যদি সাহসের সঙ্গে রুখে দাঁড়ানো যায় এবং নিজের সিদ্ধান্তে অবিচল থাকা যায়, তবেই সব বাধা অতিক্রম করা সম্ভব। ডিজির মতে, সাহস মানে শুধু ভয় না পাওয়া নয়— সঠিক সিদ্ধান্তে অটল থাকার মানসিকতাই প্রকৃত সাহস।
রাজ্যের ভৌগোলিক অবস্থান প্রসঙ্গও গুরুত্ব পেয়েছে তাঁর বক্তব্যে। রাজীব জানান, পশ্চিমবঙ্গ কৌশলগত ও ভূ-রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য। নেপাল, ভুটান ও বাংলাদেশের সঙ্গে সীমান্ত থাকার কারণে প্রতিবেশী দেশ বা উত্তর-পূর্ব ভারতের কোনও অস্থিরতার প্রভাব অনেক সময় এ রাজ্যেও এসে পড়ে। এমন পরিস্থিতিতেও রাজ্য ও কলকাতা পুলিশ যেভাবে দায়িত্ব পালন করে চলেছে, তা সত্যিই প্রশংসনীয় বলে মত তাঁর। আইনশৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে সমাজের প্রতি কর্তব্য পালনে রাজ্য পুলিশের ভূমিকা তুলে ধরে ডিজি বলেন, “কথার চেয়ে কাজ বড়। দেশের অন্যতম সেরা পুলিশ বাহিনী আপনারা— সেটা প্রমাণ করতে হয় কাজের মাধ্যমে।” মাওবাদী সমস্যা মোকাবিলা, দুর্গাপুজো বা গঙ্গাসাগরের মতো বিশাল উৎসব নির্বিঘ্নে পরিচালনার উদাহরণ টেনে তিনি পুলিশের পেশাদারিত্বের প্রশংসা করেন। বহু জায়গায় যেখানে বড় দুর্ঘটনা বা প্রাণহানির ঘটনা ঘটে, সেখানে রাজ্য পুলিশ দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামলাতে পেরেছে— এটাকে গর্বের বিষয় বলেই মন্তব্য করেন রাজীব কুমার। সবশেষে ভারপ্রাপ্ত ডিজি জানান, পুলিশের সাফল্যের পিছনে শুধু শীর্ষ আধিকারিকরাই নন, সমান অবদান রয়েছে হোমগার্ড ও সিভিক ভলান্টিয়ারদেরও। “আমরা সবাই এক পরিবার। একসঙ্গে থাকাই আমাদের সবচেয়ে বড় শক্তি,” বলেন তিনি।
উল্লেখ্য, বর্তমানে রাজ্য পুলিশে কোনও স্থায়ী ডিজি নেই। ভারপ্রাপ্ত ডিজি হিসেবে দায়িত্ব পালন করছেন রাজীব কুমার। তাঁর অবসর আসন্ন হলেও, রাজ্য সরকারের পাঠানো প্রস্তাবিত তালিকায় তাঁর নামও রয়েছে। নিয়ম অনুযায়ী, ইউপিএসসি-র মাধ্যমে সিনিয়র আইপিএস অফিসারদের একটি প্যানেল থেকে রাজ্য সরকার পরবর্তী স্থায়ী ডিজি বেছে নেয়। আইনি জটিলতার কারণে আগেও স্থায়ী ডিজি নিয়োগ প্রক্রিয়া আটকে গিয়েছে। শেষ স্থায়ী ডিজি মনোজ মালব্য ২০২৩ সালের ডিসেম্বরে অবসর নেন। বর্তমানে সেই পদের নিয়োগ নিয়ে ফের জল্পনা শুরু হয়েছে প্রশাসনিক মহলে।Top of Form
Bottom of Form





