Header AD

দিল্লিতে আচমকা ধসে ভাঙল ভবন, দমকলের তৎপরতায় উদ্ধারকাজ শুরু

দিল্লির প্রীত বিহার এলাকায় শুক্রবার দুপুরে হঠাৎ একটি কাঠামো ভেঙে পড়ায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেতেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী এবং শুরু হয় ধ্বংসস্তূপ সরানোর কাজ। ভিতরে কেউ আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

সংবাদসংস্থা সূত্রে খবর, প্রাথমিকভাবে বাড়ি ধসের আশঙ্কা করা হলেও পরে দেখা যায়, দিল্লি জল বোর্ডের একটি পুরনো দফতরের ফল্স সিলিং ভেঙে পড়েছে। ঘটনার সময় ভিতরে কেউ ছিলেন কি না, বা ধ্বংসস্তূপের নীচে কেউ আটকে পড়েছেন কি না, সে বিষয়ে তল্লাশি চালানো হয়।

উল্লেখ্য, এর আগেও দিল্লিতে একাধিক ধসের ঘটনা ঘটেছে। মাস দু’য়েক আগে নয়াদিল্লির জ্বালানগরে একটি সদ্য নির্মিত বাড়িতে কাজ চলাকালীন ধস নামে, যেখানে এক মহিলা-সহ চার জন আহত হন। তারও আগে গত অগস্টে প্রবল বৃষ্টির জেরে হরিনগরে বাড়ি ভেঙে পড়ে দুই শিশু-সহ আট জনের মৃত্যু হয়েছিল।