জম্মু ও কাশ্মীরের কিশ্তওয়ার জেলায় জইশ-ই-মহম্মদের জঙ্গিরা ঢুকে পড়েছে বলে গোয়েন্দা সূত্রে আশঙ্কা করা হচ্ছে। সেই খবরের ভিত্তিতেই বৃহস্পতিবার রাত থেকে সেনা ও নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে শুরু হয়েছে ব্যাপক চিরুনিতল্লাশি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কিশ্তওয়ারের বিস্তীর্ণ এলাকায় সাময়িকভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
প্রশাসনিক নির্দেশ অনুযায়ী, শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত কিশ্তওয়ারের ছত্রু, চিঙ্গম এবং বারামুলার সিংহপোরা এলাকায় ২জি, ৩জি, ৪জি ও ৫জি—সব ধরনের ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে। পুলিশ জানিয়েছে, সংশ্লিষ্ট এলাকাগুলির ছ’কিলোমিটার ব্যাসার্ধের মধ্যেও ইন্টারনেট সংযোগ পাওয়া যাবে না। নিরাপত্তাজনিত কারণেই এই পদক্ষেপ।
গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতেই কিশ্তওয়ারে পৌঁছয় সেনা ও নিরাপত্তা বাহিনীর যৌথ দল। ছত্রু এলাকার নইদগাম, আরিগাম ও দ্বাথর গ্রামে জঙ্গিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। গোয়েন্দাদের অনুমান, পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে কয়েক জন জঙ্গি ভারতে অনুপ্রবেশ করেছে এবং তারা বর্তমানে ওই এলাকাতেই আত্মগোপন করে রয়েছে। যদিও এখনও পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, গত সপ্তাহে কাঠুয়ায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক পাকিস্তানি জঙ্গির মৃত্যু হয়। গোয়েন্দাদের দাবি, তার সঙ্গে জইশ-ই-মহম্মদের যোগ ছিল। সেই ঘটনার এক সপ্তাহের মধ্যেই ফের কিশ্তওয়ারে জইশ গতিবিধির খবর সামনে আসায় সতর্কতা আরও বাড়ানো হয়েছে।
নিরাপত্তা বাহিনীর আশঙ্কা, জঙ্গিরা ইন্টারনেটের মাধ্যমে পরস্পরের সঙ্গে যোগাযোগ রাখতে পারে। সেই সম্ভাবনা ঠেকাতেই ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি, জঙ্গিরা স্যাটেলাইট ফোন ব্যবহার করছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে ইন্টারনেট বন্ধ থাকায় সাধারণ মানুষের দৈনন্দিন কাজে সমস্যা হচ্ছে বলেও স্থানীয় সূত্রে জানা গিয়েছে।





