Header AD

পুলিশের গুরুত্বপূর্ণ পদে একাধিক রদবদল! নতুন নগরপাল সুপ্রতীম সরকার, ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পান্ডে

বিধানসভা নির্বাচনের আর বেশি দিন বাকি নেই। SIR পর্ব শেষ হলেই দিনক্ষণ ঘোষণা সময়ের অপেক্ষা। তার আগেই শুক্রবার পুলিশ প্রশাসনে বড়সর রদবদল করা হল। কলকাতার নগরপাল হিসেবে দায়িত্ব নিলেন সুপ্রতিম সরকার, যিনি এতদিন এডিজি দক্ষিণবঙ্গ দায়িত্ব সামলাচ্ছিলেন।

রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের অবসরের পর তাঁর জায়গায় কে আসবেন তা নিয়েও জল্পনা চলছিল। আপাতত আই পি এস পীযূষ পান্ডেকে ভারপ্রাপ্ত ডিজি নিয়োগ করা হয়েছে। তিনি এর আগে ডিরেক্টর সিকিউরিটি থেকে কারা, ট্রাফিক বিভাগের এডিজি’ র দায়িত্ব সামলেছেন। এস টি এফ- এর এডিজি হলেন জাভেদ শামিম।

এছাড়া আরও বেশ কয়েকটি পদে বদল করেছে নবান্ন। কলকাতার বর্তমান নগরপাল মনোজ বর্মাকে নিরাপত্তা উপদেষ্টার পদ দেওয়া হয়েছে। ২০২৪ সালে আর জি কর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ ও হত্যাকাণ্ডের পর জনতার চাপে যাকে কলকাতার সিপির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, সেই বিনীত গোয়েলকে করা হল এডিজি, আইনশৃঙ্খলা।

আনন্দপুর অগ্নিকাণ্ডের পর আনন্দপুর থানার অতিরিক্ত ওসিকে বদলি করা হয়েছে। আনন্দপুর থানার নতুন ওসি হলেন হরিদেবপুর থানার নতুন ওসি প্রসূন দে সরকার। তপসিয়া থানার ওসি হলেন প্রকৃতেশ ঘোষ। কলকাতা পুলিশের যে ৫২ জনকে বদলি করা হয়েছে, তাঁদের মধ্যে ৪৭ জনই বিভিন্ন থানার ওসি বা অতিরিক্ত ওসি।

এছাড়া ৮টি মহিলা থানার ওসি, চারজন মহিলা অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও ১১ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনারকেও বদলি করা হয়েছে। এছাড়া সিদ্ধনাথ গুপ্তকে ডিজি ( কারা) এবং দমকল ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের ডিজির দায়িত্ব দেওয়া হয়েছে অনুজ শর্মাকে। ভোটের আগে এই রদবদল রাজ্য প্রশাসনের বিচক্ষণতার পরিচয় বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।